সিমন্ডসকে পয়েন্ট দিয়ে চার মেরে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। হৃদয়ের এমন ব্যাটিংয়ের দিনে জাকের আলী অনিক ও মোহাম্মদ সাইফউদ্দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন। জাকের ৯৪ ও সাইফউদ্দিন ৮৭ রানের ইনিংস খেলেছেন। হৃদয়ের ডাবল সেঞ্চুরি ও জাকের-সাইফউদ্দিনের ব্যাটে ৬ উইকেটে ৩৭১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। সাউথ আফ্রিকা ‘এ’ দলের চেয়ে এখনো ৪১ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
পচেফস্ট্রুমে ৪ উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন জাকের ও হৃদয়। সকালের শুরুতে সিমন্ডসের বলে বটম এজে ফাইন লেগ দিয়ে চার মেরে ৭২ বলে হাফ সেঞ্চুরি করেন জাকের। পরবর্তীতে দুজনে মিলে দ্রুত রান তোলার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৭৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করেছিলেন হৃদয়। ডিলানো পটজিটারের দারুণ এক ডেলিভারিতে চার মেরে ১৬৬ বলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।
যদিও সাউথ আফ্রিকান পেসার লেগ বিফোর উইকেটের জন্য আবেদন করেছিলেন। তবে হৃদয় দাবি করেন, বল ব্যাটে লেগেছে। আম্পায়ারও চার দেওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি পান বাংলাদেশের অধিনায়ক। হৃদয় সেঞ্চুরি করলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি জাকেরের। দিনের প্রথম সেশনে ২৭ ওভারে বিনা উইকেটে ৮৪ রান তোলে সফরকারীরা। লাঞ্চ থেকে ফিরে জাকের অবশ্য সেঞ্চুরি করতে পারেননি। শেপো মোরেকির অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন জাকের।
মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় ডানহাতি ব্যাটারকে। জাকেরের বিদায়ে ভাঙে হৃদয়ের সঙ্গে ১৫১ রানের দুর্দান্ত জুটি। জাকেরের বিদায়ের পর হৃদয়ের সঙ্গে জুটি গড়েন সাইফউদ্দিন। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে বেশি দেখা গেলেও সাউথ আফ্রিকায় ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন তিনি। শেপো এনটুলির বলে ডাউন দ্য উইকেটে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মেরে ৬২ বলে হাফ সেঞ্চুরি করেন সাইফউদ্দিন।
একই ওভারের শুরুতে ২৩৪ বলে দেড়শ ছুঁয়েছেন হৃদয়। শেষ বিকেলে চার মেরে করেছেন ডাবল সেঞ্চুরিও। তবে জাকেরের মতো সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে সাইফউদ্দিনকে। সিমন্ডসের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৮৭ রানের ইনিংস খেলে। ৩৩৯ বলে ২০৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন হৃদয়। তৃতীয় দিনে ৮২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে বাংলাদেশ।