পুরুষ দলের জন্য আলাদা হোটেল কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

এশিয়ান গেমস
ভারত দল, ফাইল ফটো
ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে ভারতীয় নারী ক্রিকেট দল আয়োজকদের ব্যবস্থাপনায় থাকা হোটেলে থাকলেও পুরুষ দলের জন্য নিজেদের খরচে আলাদা হোটেলের ব্যবস্থা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শ্রেয়াস আইয়ার, জসপ্রীত বুমরাহদের জন্য কেন এই আলাদা ব্যবস্থা, তার ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজকেরা প্রতিটি ক্রিকেট দলের খেলোয়াড় ও সহায়ক কর্মী মিলিয়ে সর্বোচ্চ ২০ জনের থাকার ব্যবস্থা করেছে। এর বেশি সদস্যের থাকার ব্যবস্থা করা সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল জাপান। পুরুষ দলে সহায়ক কর্মীর সংখ্যা বেশি হওয়ায় অনুমোদিত সংখ্যার মধ্যে তাদের রাখা সম্ভব হয়নি।

বিষয়টি বৈষম্য নয় বলে জানিয়েছেন সাইকিয়া। তিনি বলেন, 'বিসিসিআই ছেলেদের দলের জন্য নিজস্ব ব্যবস্থা করেছে। কারণ, গেমসের অনুমোদিত সংখ্যার চেয়ে ছেলেদের দলের সদস্য অনেক বেশি। ছেলেদের দলে সহায়ক কর্মীর সংখ্যা বেশি হওয়ায় সমস্যা হয়েছে। দলকে ভাগাভাগি করে রাখতে চাইনি আমরা। মেয়েদের দল রয়েছে আয়োজকদের ব্যবস্থা করা জায়গাতেই। কারণ মেয়েদের দলের মোট সদস্য সংখ্যা অনুমোদিত ২০ জনের মধ্যে রয়েছে।'

এশিয়ান গেমসে থাকা, অনুশীলন, খেলার মাঠ ও যাতায়াত ব্যবস্থা নিয়ে বিসিসিআইয়ের অসন্তোষের কথাও এর আগে জানা গেছে। তবে এসব সমস্যার কারণে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন সাইকিয়া।

'আয়োজক কমিটির ওপর আমরা সম্পূর্ণ ভরসা রাখছি। তারা সেরা সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করছেন। এশিয়ান গেমস খুব বড় বিষয়। আমরা নিশ্চিত, আয়োজকেরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করবেন।'

আগামী ১ অক্টোবর জাপানে যাওয়ার কথা রয়েছে সাইকিয়ার। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি দেখার পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তার মতে, এত বড় আসরে কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে।

তবে এসব সমস্যা পাশে রেখে ভারতের লক্ষ্য যে সোনার পদক, সেটিই স্পষ্ট করেছেন বিসিসিআই সচিব। সাইকিয়া বলেন, 'আমরা সোনার পদক ছাড়া কিছু ভাবছি না। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই জানে ভারত একসঙ্গে তিনটি সমান শক্তিশালী দল মাঠে নামাতে পারে। এশিয়ান গেমসের গুরুত্ব আমরা জানি। তাই আমরা কোনো কমতি রাখতে চাই না।'

আরো পড়ুন: