ড্রেসিংরুমে মুস্তাফিজের সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন সৌম্য

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভাইরাল হয় ড্রেসিংরুমে বলা মুস্তাফিজুর রহমানের কথাগুলো। বিশ্বকাপ জিততে হলে দলের মান কীভাবে আরো উপরে তোলা যায় সেটা নিয়েই মতামত জানাচ্ছিলেন মুস্তাফিজ। টাইগার এই পেসারের কথার সঙ্গে শতভাগ একমত সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডে শুরুর আগের দিন তেমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন কুপার কনোলি ও ম্যাট রেনশকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারানোর পরও স্বস্তি মেলেনি সফরকারীদের। তানভীর ইসলাম দ্রুত আরও দুটি উইকেট তুলে নিলে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে ইনিংস গড়ার দায়িত্ব নেন মার্নাস লাবুশেন ও জ্যাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে তারা শতরানের জুটি গড়ে দলকে বড় বিপর্যয় থেকে বের করে আনেন। দীর্ঘ সময় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে রাখার পর শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন তাসকিন। তিনি ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করে ফেরান। শেষ পর্যন্ত ৪২ ওভারে আট উইকেটে ১৮৭ রান তোলে দলটি।

খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর উদাহরণ দিয়ে মুস্তাফিজ বলেন, 'যদি আমরা আসলেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য হই, তাহলে আমাদের আরও ভালো হওয়া উচিৎ। ভালো বলতে, ওদের (অস্ট্রেলিয়ার) ৫ উইকেট যাওয়ার পরও দেখলাম ওর দুইজন রান করছে।'

'ওরা প্রমাণ করে যে ওরা বড় টিম। ৬০/৭০ (আসলে ৮১) রানে ৫ উইকেট হারানোর পরও রান করেছে। আমরা এরকম সুযোগ পেলেও ঝুলে আছি... আমি কয়টা রান করলাম, বাকিটা ও করবে। আরে আমি আসব কেন? আমি, তাসকিন... আমরা ব্যাটিং করতে যাব কেন?'

মুস্তাফিজের কথার বাস্তবতা মেনে নিয়েছেন সৌম্যও। তার মতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো না করলে অন্যান্য দলগুলোও সেভাবে কদর করে না। এই বাস্তবতা থেকেই বাংলাদেশকে দলীয় সাফল্য এনে দিতে চান সৌম্য।

সৌম্য বলেন, 'যেকোনো একটা বিশ্বকাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে টিম চিন্তা করে যে পরের বিশ্বকাপ কিভাবে যাব, কিভাবে ভালো করা যায়, একটা পরিকল্পনা করা লাগে। মুস্তাফিজ যে কথাগুলো বলেছে, অবশ্যই সঠিক। বড় দল হতে গেলে এগুলো করতেই হবে।'

'আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ঐভাবে টিমকেও গণনা করা হয় না। আমরাও চাচ্ছি যে আমরা যেন একটা টিম হয়ে যেকোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে পারি, যেন আমরা দলকে অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি।

'

আরো পড়ুন: