অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করাই সবার লক্ষ্য: সৌম্য

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে শান্তর সঙ্গে ছিলেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়।

বোলিংয়ে আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের দুইশর আগে আটকে দেওয়ার কাজটা করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। সিরিজ জয়কে তাই বেশ বড় করেই দেখছেন সৌম্য।

অজিদের হোয়াইটওয়াশের স্বপ্ন নিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে সৌম্য বলেন, 'আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটাই আগে আমাদের অনেক বড়ভাবে সেলিব্রেশন করা উচিত ছিল। আমরা যদি ৩-০ তে জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্যও থাকবে সেটা। পজিটিভ ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।'

'আমরা যে সিরিজটা জিতেছি, এটা আমাদের সবার অনেক বড় করে উদযাপন করা উচিত ছিল কারণ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতদূর করেছি জানি না, কিন্তু করা উচিত ছিল।'

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে গেলে সাধারণত শেষ ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দল খেলায় বাংলাদেশ। এবার অবশ্য তেমনটা চান না সৌম্য। সেরা একাদশ নিয়ে মাঠে নেমে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চান তিনি।

সৌম্য আরো বলেন, 'এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারপরও আমার দিক থেকে যদি জিজ্ঞাসা করেন, বলব যে না করাটাই বেটার। কারণ আমরা অনেক বড় টিমের সাথে খেলছি। ৩-০ জেতাটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যারা বেস্ট আছে, তাদেরকেই খেলানো উচিত।'

আরো পড়ুন: