নাঈম হাসানকে মারধরের ঘটনায় যা বলছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
নাঈম হাসান, ফাইল ফটো
নাঈম হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ওঠা হয়রানি ও নির্যাতনের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার বর্ণনা সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বোর্ড, যা দ্রুত ও যথাযথ মনোযোগ দাবি করে বলে মনে করছে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, 'একজন খেলোয়াড়ের প্রতি প্রদর্শিত অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণের আমরা তীব্র নিন্দা জানাই। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং তাৎক্ষণিক গুরুত্বের দাবি রাখে।'

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বোর্ডের মতে, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আমরা আশা করছি, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হবে এবং যারা দায়ী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার খবর পাওয়ার পর থেকেই তার এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ড। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তির শেষাংশে পুনর্ব্যক্ত করেছে, খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ঘটনাটির পরবর্তী অগ্রগতির ওপর নিবিড় নজর রাখার কথাও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরো পড়ুন: