মিরাজকে নিয়েই তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাইলি মেরেডিথের বলে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়াকে হারানোর পরই হাসপাতালে যেতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। হাসপাতাল থেকে অবশ্য বাসায় ফিরেছেন মাথায় আঘাত পাওয়া মিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়েই তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

নাথান এলিসের বাউন্সারে পুল করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন মিরাজ। বল হেলমেটে লাগায় তখনই মাঠে শুয়ে পড়েন ডানহাতি এই ব্যাটার। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসাও দেন। যদিও ওই সময় বমি করতে দেখা যায় তাকে। কয়েক মিনিটের ব্যবধানে অবশ্য আবারও ব্যাটিং চালিয়ে যান তিনি।

মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দু’বার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তাঁর মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাঁকে এভারকেয়ারে পাঠানো হবে।’

মিরাজ মাথায় আঘাত পাওয়ায় তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। স্ক্যানে খারাপ কিছু ধরা না পড়ায় ধারণা করা হচ্ছে, শেষ ম্যাচেও খেলবেন তিনি। সেই ভাবনা থেকেই মিরাজকে অধিনায়ক করে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে ২১ বছর পর তাদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে টাইগাররা জয় তুলে নেয় ৫ উইকেটে। এমন জয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

আরো পড়ুন: