সাকিবের পর কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসানের

কাউন্টি ক্রিকেট
কেন্ট
কেন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের আগে ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারের যে কাউন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে সেটার আভাস পাওয়া গেছে তখনই। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো হাসানের।

সবশেষ কয়েক মাসে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে হাসানকে। চোট থেকে সেরে উঠতে না পারায় সবশেষ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছিলেন না ডানহাতি এই পেসার। টেস্টের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ছিলেন না তিনি। তবে চোট থেকে সেরে উঠে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন হাসান।

লিজেন্ডস অব রূপগেঞ্জের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন। ডিপিএল চলাকালীনই ইংল্যান্ডের বিমান ধরতে হয় তাকে। কেন্টের হয়ে প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেকও হয়েছে বাংলাদেশের পেসারের। টস হেরে আগে ব্যাটিং করছে হাসানের কেন্ট।

এর আগে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়ায় নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে হাসান বলেছিলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’

কেন্ট টসে হেরে যাওয়ায় বল হাতে নেওয়ার জন্য হাসানকে খানিকটা অপেক্ষা করতে হবে। ইংল্যান্ডে যাওয়ার আগে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে হাসান জানিয়েছিলেন, কাউন্টি অভিষেকেই পাঁচ উইকেট নিতে চান। ল্যাঙ্কাশায়ারের পর ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তার।

ক্লাবটির হয়ে ছয় ম্যাচের চুক্তি করেছেন হাসান। ক্যান্টারবেরির বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে বাংলাদেশের পেসারকে। জাতীয় দলের ব্যস্ততা শেষ করে আগামী সেপ্টেম্বরে আবারও ইংল্যান্ডে যাবেন তিনি। ওই সময় চারটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।

আরো পড়ুন: