আন্তর্জাতিক ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

নিউজিল্যান্ড ক্রিকেট
কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান শুক্রবার অবসরের সিদ্ধান্ত জানান। উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।

তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮ ম্যাচে তার রান ১৯ হাজার ৩৪৬। ক্যারিয়ারে করেছেন ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি। ২০১০ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় উইলিয়ামসনের। এরপর ধীরে ধীরে নিজেকে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি নেতৃত্বগুণেও ছিলেন অনন্য।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন তিনি। উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড খেলেছে দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, তিনটি আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল এবং জিতেছে ২০২১ সালের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। গত কয়েক দিনে আমার কাছে পরিষ্কার হয়েছে, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হতো না।’

তিনি আরও বলেন, ‘এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। এখানে অনেক প্রতিভা আছে, বিশেষ কিছু করার তাড়নাও আছে। নিউজিল্যান্ড দল সব সময়ই আমার হৃদয়ের খুব কাছের থাকবে।’

উইলিয়ামসনের ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যক্তিগত অর্জনও। ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন রেকর্ড চারবার।

উইলিয়ামসনের অবসরের ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর দেখা যাবে না তাকে। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা পরে জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে এটা নিশ্চিত উইলিয়ামসনের অবসরের ফলে নিউজিল্যান্ডের ক্রিকেটের একটি যুগের অবসান হলো।

আরো পড়ুন: