বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া তাদের মূল দলের কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে তুলনামূলক তরুণ ও দ্বিতীয় সারির একটি স্কোয়াড পাঠিয়েছে। যদিও দলটিতে আছেন অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, মার্নাস লাবুশেন এবং ক্যামেরন গ্রিনের মতো আন্তর্জাতিক মানের তারকা।
তাদের নিয়েও মাঠে কাঙ্ক্ষিত ফল পায়নি সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পর বাসিত আলী মনে করেন ভবিষ্যতে অস্ট্রেলিয়া আর কোনো সফরে এ ধরনের পরীক্ষামূলক ‘বি টিম’ পাঠানোর ঝুঁকি নেবে না। এই সিরিজের কথা বলতে গিয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, 'আশির দশকে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ খেলত, কিংবা ২০০০ সাল পর্যন্ত যেভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট খেলত, আর আজকাল যেভাবে ইন্ডিয়া খেলছে যে কাউকে দাঁড়াতেই দেয় না—বাংলাদেশ আজকাল ঠিক সেই ধাঁচের ক্রিকেট খেলছে।'
তিনি আরও যোগ করেন, 'আমার মনে হয়, আজকের পর অস্ট্রেলিয়া অন্য কোনো দেশে নিজেদের ‘বি টিম’ (দ্বিতীয় সারির দল) বা এমন তরুণদের পাঠানোর ভুল আর কখনো করবে না। যাদের দলে অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশের মতো ওডিআই-এর সেরা খেলোয়াড়, লাবুশেনের মতো টেস্টের সেরা খেলোয়াড় এবং আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন রয়েছে, তারা কিছুই অর্জন করতে পারল না।'
বাসিত মনে করেন বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটি দলে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার মতো দলকে নিজেদের মাটিতে হারানো নিশ্চিতভাবেই বড় অর্জন বলে মানছেন তিনি। তবে ঘরের মাঠে সবুজ উইকেট বানিয়ে বাংলাদেশ সাহসিকতার পরিচয় দিয়েছে বলে দাবি সাবেক এই ক্রিকেটারের।
তিনি যোগ করেন, 'বাংলাদেশ যেভাবে টি-টোয়েন্টি, ওডিআই সিরিজ এবং টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে ধোলাই করছে, তাতে তারা এখন সম্পূর্ণ ভিন্ন এক দলে পরিণত হয়েছে। আর অস্ট্রেলিয়ার এই দলকে তাদের নিজেদের কন্ডিশনে হারানো অনেক বড় ব্যাপার। আমি স্পিন ট্র্যাকের কথা বলছি না, স্পিন ট্র্যাকে তো হয়তো নেপালও হারিয়ে দেবে। আজ ঘাসের পিচে অস্ট্রেলিয়া টস জিতে ভুল সিদ্ধান্ত নিয়েছে।'