দ্বিতীয় জয়ের জন্য ২১ বছর অপেক্ষা করতে হলেও তৃতীয় জয় বাংলাদেশ পেয়েছে দুই দিনের ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল বাংলাদেশ। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের অনুুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি বর্তমান দলটার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ভাবছেন বাঁহাতি এই ব্যাটার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারব না। দারুণ একটা অনুভূতি। এই সিরিজে আমরা যেভাবে খেলেছি সেটাতে আমরা অনেক সাহসের পরিচয় দিয়েছি। কয়েক মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমাদের খেলাটা উন্নতি করার চেষ্টা করছি। আমরা যেভাবে খেলেছি, দারুণ ব্যাপার। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে অবদান রেখেছিলেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে শান্তর সঙ্গে ছিলেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। বোলিংয়ে আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের দুইশর আগে আটকে দেওয়ার কাজটা করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। শান্ত জানালেন, এভাবেই একটা দল হিসেবে খেলতে চান তারা।
বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমরা আসলে এটাই (দলের সবার অবদান) চাই, একটা দল হিসেবে খেলতে চাই। আমরা আমাদের প্রতিটি স্কিলের উন্নতি করতে চাই। প্রত্যেকেই প্রত্যেকটা ম্যাচে অবদান রাখতে চেয়েছে সেটা হোক ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে। ছেলেরা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। বেঞ্চে যারা বসে আছে তারাও অনেক সাহায্য করছে। আমরা এভাবেই ছোট ছোট জিনিসগুলো করতে চাই এবং উন্নতি করে যেতে চাই।’
প্রথমবার সিরিজ জেতার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগও আছে বাংলাদেশের সামনে। সেটার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন শান্ত। তিনি বলেন, ‘প্রথম দুইটা ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি জিততে চাই এবং পরের ম্যাচেও অবদান রাখতে চাই।’