ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া
মাথায় আঘাত পাওয়ার পর মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
মাথায় আঘাত পাওয়ার পর মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। সাবধানী ব্যাটিংয়ে নিজেও ভালো খেলছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে নাথান এলিসের একটি বাউন্সার তার হেলমেটে আঘাত হানে। আঘাতের পর শুরুতে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক মনে হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিংয়ে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত রাইলি মেরেডিথকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসও গড়ে বাংলাদেশ। ম্যাচ জেতানো ওই ছক্কার পর স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। কারণ, কিছুক্ষণ আগেই মাঠে শারীরিক সমস্যায় ভুগতে দেখা গিয়েছিল মিরাজকে।

নাথান এলিসের বলে হেলমেটে আঘাত পাওয়ার পর মাঠেই শুয়ে পড়েন তিনি। তাকে বমি করতেও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে মাঠে আনা হয় স্ট্রেচার, প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্সও। তবে কিছুক্ষণ পর সুস্থ বোধ করলে আবার ব্যাট হাতে নামেন মিরাজ এবং দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

তবে ম্যাচ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পেসার তাসকিন আহমেদও মিরাজের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তার বিশ্বাস, দুশ্চিন্তার মতো তেমন কিছু হয়নি। মিরাজ শেষদিকে যেভাবে ম্যাচ দারুণভাবে শেষ করেছেন এর প্রশংসা করেছেন তিনি।

তাসকিন বলেন, ‘মাথায় লাগার পরও চিন্তা করেছে ও যদি ওই সময়ে এসে পড়ত, নতুন একটা ব্যাটসম্যান গিয়ে আরও চাপে ভুল করতে পারত; কিন্তু হৃদয় আর মিরাজ শেষের দিকে ভালো ফিনিশ করছে।’

আরো পড়ুন: