মিরপুরের উইকেটকে ‘বিরল’ আখ্যা দিলেন গ্রিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ক্যামেরন গ্রিন, ক্রিকফ্রেঞ্জি
ক্যামেরন গ্রিন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পেসারদের তোপে অস্ট্রেলিয়া মাত্র শূন্য রানেই তাদের টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচের প্রথম ওভারেই ম্যাথু শর্টকে ফেরান তাসকিন আহমেদ এবং দ্বিতীয় ওভারে কুপার কনোলি ও ম্যাট রেনশকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান।

সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত বৃষ্টির বাগরায় ১৮৭ রানে থামে অজিদের ইনিংস। যদিও বৃষ্টি আইনে ৪২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রানের। সেই লক্ষ্য ৫ উইকেট আর ৭ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন জানিয়েছেন শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরা কঠিন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'যখন আপনি শূন্য রানে তিন উইকেট হারাবেন, তখন সেখান থেকে ম্যাচে ফিরে আসাটা কঠিন হতে যাচ্ছে। তবে আমার মনে হয় আমরা দারুণ একটা কাজ করেছি। আমাদের কিছু ভালো জুটি গড়ে উঠেছিল এবং অবশ্যই মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট অসাধারণ খেলেছে। যার কারণে তারা আমাদের এমন একটি সংগ্রহ এনে দিতে পেরেছিল যা আমাদের কাছে ডিফেন্ড করার মতো মনে হয়েছিল, এবং হ্যাঁ, আমরা লড়াইটা বেশ দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম।'

অস্ট্রেলিয়া সাধারণত উপমহাদেশের মাটিতে এমন গতিময় উইকেটে খেলে অভ্যস্ত নয়। সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের পেসারদের কাছে রীতিমতো খাবি খেয়েছেন অজি ব্যাটাররা। এ নিয়ে কোনো অভিযোগ নেই অস্ট্রেলিয়ার। গ্রিন জানিয়েছেন তারা নিজেদের মাটিতে যেসব উইকেটে খেলেন বাংলাদেশেও প্রায় এমন উইকেট পেয়েছেন। তবে এটাকে বিরল ঘটনা আখ্যা দিয়েছেন তিনি।

গ্রিনের ভাষ্য, 'আমার মনে হয় এই উইকেটগুলো আমরা সাধারণত যে ধরনের উইকেটে খেলে অভ্যস্ত তার চেয়ে অনেক বেশি পরিচিত, বিশেষ করে আমরা পাকিস্তান থেকে যে উইকেটে খেলে এসেছি তার তুলনায়। তাই হ্যাঁ, উপমহাদেশে কিছুটা বাউন্সি উইকেট দেখাটা বেশ ভালো ব্যাপার। আপনি যখন এখানে আসবেন এবং এমনটা দেখবেন, সেটা বেশ বিরল ঘটনা। তাই হ্যাঁ, এটি অবশ্যই এখন পর্যন্ত একটি ভালো সিরিজ হয়েছে। আমার মনে হয় এটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উইকেটগুলোও ভালো ছিল।'

গেল পাকিস্তান সিরিজ থেকেই বাংলাদেশ এমন প্রতিযোগীতামূলক উইকেটে খেলছে। এর ফলও এসেছে হাতেনাতে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর কিউইদেরও একই ব্যবধানে ওয়ানডেতে হারায় বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

এবার অস্ট্রেলিয়া সিরিজেও এই ফর্ম ধরে রেখেছে টাইগাররা। বাংলাদেশের এমন দুর্দান্ত ফর্ম অজানা ছিল না অজিদেরও। বাংলাদেশের প্রশংসা করে গ্রিন বলেন, 'একদমই না। আমরা জানি বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে। হ্যাঁ, আমরা কেবল ভেবেছিলাম যে কিছুটা অতিরিক্ত গতি আমাদের জন্য ভালো হতে পারে। এবং আমার মনে হয় রাইলি মেরেডিথ আজ রাতে চমৎকার বোলিং করেছে।'

আরো পড়ুন: