বাংলাদেশ সফরে গ্রিনকে ম্যাক্সওয়েলের ভূমিকায় চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
অস্ট্রেলিয়ার অনুশীলনে ক্যামেরন গ্রিন
অস্ট্রেলিয়ার অনুশীলনে ক্যামেরন গ্রিন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের এখন থেকেই গুছিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে বড় প্রশ্ন আসন্ন এই বিশ্ব আসরে গ্লেন ম্যাক্সওয়েলের জায়গা পূরণ করবেন কে? এই জায়গায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি।

যদিও এরপর অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকতার প্রমাণ দিতে পারেননি এই অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গ্রিনকে শুধু টপ অর্ডার নয়, ফিনিশারের ভূমিকাতেও দেখা হতে পারে। পাকিস্তান ও বাংলাদেশ সফরের ছয়টি ওয়ানডেকে সামনে রেখে গ্রিনের ভূমিকা নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া। এমন ইঙ্গিত দিয়েছেন অজি কোচ নিজেই।

তিনি সম্প্রতি বলেছেন, 'সে উপরের দিকেও খেলতে পারে, আবার নিচেও। তার পাওয়ার আছে, সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে দেখেছি। ম্যাক্সওয়েলের অবসরের পর আমরা এ নিয়ে আলোচনা করেছি। পরীক্ষা-নিরীক্ষা শব্দটা ঠিক হবে না, তবে ২০২৭ বিশ্বকাপের পথে আমরা বিভিন্ন কম্বিনেশন দেখব। গ্রিনের স্কিল সেট আমাদের অনেক অপশন দেয়। বিশেষ করে বল হাতেও ওর ভূমিকা গুরুত্বপূর্ণ।'

২০২৩ বিশ্বকাপজয়ী দলে ছিলেন গ্রিন। তবে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়েছিল দলটি। এর ফলে বাদ পড়তে হয়েছিল গ্রিনকেই। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ৩২২ রান করেছেন গ্রিন, স্ট্রাইক রেট ছিল ১৪৫.৭০।

বল হাতে নিয়েছেন ৭ উইকেট। তবে ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক হতে পারেননি তিনি। ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন, গ্রিন এখনো নিজের প্রত্যাশার জায়গায় নেই। তবে দ্রুতই এই অজি অলরাউন্ডার ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস ম্যাকডোনাল্ডের। তিন ফরম্যাটে পারফরম্যান্স ধরে রাখা অনেক চ্যালেঞ্জের কাজ সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

ম্যাকডোনাল্ড বলেন, 'সে যেভাবে খেলতে চায়, সেভাবে খেলতে পারেনি। তবে মানুষ হয়তো তার পুরো প্যাকেজটা দেখে না ফিল্ডিং, বোলিং, সব মিলিয়ে সে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, সে ঘুরে দাঁড়াবে। তিন ফরম্যাটে ব্যাট ও বল—দুটো সামলানো এখন ভীষণ কঠিন। প্রশ্ন হলো, আমরা কি কিছু খেলোয়াড়ের কাছ থেকে বেশি প্রত্যাশা করছি?'

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে একের পর এক পরিবর্তন আসছে। ম্যাক্সওয়েল ও স্টিভ স্মিথের অবসরে বড় শূন্যতা তৈরি হয়েছে। মিচেল মার্শ ও ট্রাভিস হেড ওপেনিংয়ে স্থায়ী হলেও মিডল অর্ডারে জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, অ্যালেক্স কেরি, ম্যাট রেনশদের সঙ্গে লড়াইয়ে আছেন গ্রিনও। তবে দলটির বড় চিন্তা ফিনিশিং নিয়ে।

এই জায়গায় গ্রিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন টিম ডেভিডও। তবে আপাতত ওয়ানডে খেলছেন না ডেভিড। ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়েছেন ভবিষ্যতের ভাবনায় আছেন ডেভিডও। ফলে গ্রিনের নিজেকে প্রমাণ করেই টিকতে হবে ৫০ ওভারের ফরম্যাটে।

ম্যাকডোনাল্ড বলেন, 'টিম এখনো ওয়ানডে খেলার জন্য নিজেকে প্রস্তুত করেনি। তবে ভবিষ্যতে আলোচনা হতে পারে। আগের বিশ্বকাপের আগে আমরা তাকে ফিনিশার হিসেবে বিবেচনা করেছিলাম। কিন্তু এই মুহূর্তে সে প্রস্তুত নয়।'

আরো পড়ুন: