জাতীয় দলে চোখ রেখে ডিপিএলে ৬-৭ নম্বরে মোসাদ্দেক

ডিপিএল
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলে বেশ অনেকদিন ধরেই ব্রাত্য মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের আগেই হুট করে চাউর হয়েছিল জাতীয় দলে ফেরানো হচ্ছে মোসাদ্দেককে। বিসিএল শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরেও দলে ফেরা হয়নি তার। মূলত নির্বাচকদের ভাবনা পরিবর্তনের ফলে অপেক্ষা বেড়েছে এই অলরাউন্ডারের।

মোসাদ্দেক আত্মবিশ্বাসী আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করলে জাতীয় দলে সুযোগ পাবেন তিনি। তৃতীয় ওয়ানডেতে দলে ফেরার গুঞ্জন থাকলেও সুযোগ না পেয়ে খুব একটা হতাশ নন তিনি। বরং পারফরম্যান্স করেই আবার জাতীয় দলের আঙিনায় ফেরার লক্ষ্য তার।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, 'তৃতীয় ওয়ানডেতে হয়তো পরিকল্পনা করা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনা হয়ত বদল হয়েছে। সেটা এই সিরিজেই টি-টোয়েন্টিতে (সুযোগ হবে) আমার কাছে এমন কোনো কথা আসেনি। সেটা দুই একটা সংবাদমাধ্যম থেকে আমি জানতে পেরেছি। আমার মনোযোগ সামনের প্রিমিয়ার লিগ সেখানে ভালো খেলা। ভালো খেলতে পারলে একটা সুযোগ আসবে ইনশাল্লাহ।'

জাতীয় দলে ফিনিশার হিসেবে কেউই নিয়মিত ভালো করতে পারছেন না। জাকের আলী অনিক থেকে শামীম হোসেন পাটোয়ারী কেউই খুব একটা ভালো করতে পারছেন না ওয়ানডেতে। ফলে জাতীয় দলে ছয়-সাত নম্বরের একজন অলরাউন্ডারের জায়গা ফাঁকাই রয়েছে। মোসাদ্দেক জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত এই পজিশনেই খেলে থাকেন তিনি। এবারও ছয়-সাত নম্বরে ব্যাটিংয়ে ইচ্ছে তার।

মোসাদ্দেক বলেন, 'এর আগে যখন আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি সাত আটের দিকে ব্যাটিং করেছি। তাই প্রিমিয়ার লিগেও আমি... মানে ঘরোয়া ক্রিকেটে ছয়-সাতে ব্যাটিং করার অভিজ্ঞতা আমার আছে। সেই জায়গাটাতেই হয়তোবা বেশি সময় ব্যাটিং করা হয় টিমের চাহিদা অনুযায়ী।'

জাতীয় দলে সুযোগ নিয়ে মোসাদ্দেক যোগ করেন, 'গত ঈদের আগে থেকে শুরু করে শেষ ক্যাম্প পর্যন্ত টিমের সাথেই ছিলাম, ক্যাম্প করছি। তাই ওই জায়গা থেকে একটা ইতিবাচক ব্যাপার তো অবশ্যই আছে। নিজের কাজটা হচ্ছে ভালো পারফরম্যান্স করা, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা।’

আরো পড়ুন: