১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়ার পর থেকে এটাই প্রথম, বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে যায়নি বাংলাদেশ। সেই সময় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে ক্রিকেটারদেরও কোনো মতামত নেয়া হয়নি বলে গুঞ্জন আছে।
বুধবার মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টির জার্সি উন্মোচন অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান জানিয়েছেন এটি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের বড় ভুল ছিল। বিশেষ করে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটারদের খেলা দেখতে ভালোবাসেন।
তিনি বলেন, 'আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ কাপ খেলতে দেখতে ভালোবাসি...'
সাকিব আরও বলেন, 'বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটা মিস ছিল... এটি সরকারের পক্ষ থেকে একটা বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।'
সাকিব একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দেশের মাটিতে খেলে অবসরে যাবেন। সেই আশা এখনও অক্ষত আছে সাকিবের। সেই প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘এটা পরে দেখা যাবে। তবে আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ভালো হতে শুরু করবে। আমি আশাবাদী যে আমি যা চাই, তা পেতে পারব।’
সাকিবকে এখন আর আইপিএলে দেখা যায় না। তবে সাকিব জানিয়েছেন তিনি যে বয়সে আইপিএলে খেলেছেন এখন সেই বয়সের খুব বেশি ক্রিকেটার আইপিএলে খেলেন না। সেই সময়ের স্মৃতিচারণ করে সাকিব বলেন, 'আমি যথেষ্ট খেলেছি আইপিএলে। নতুন প্রজন্ম এসেছে, তারা সত্যিই ভালো পারফর্ম করছে, কারণ আমি আমার বয়সী খুব কম খেলোয়াড়কেই আইপিএল খেলতে দেখি।'