তামিম সভাপতি নির্বাচিত হলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে: সাকিব

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। আগামী জুনে হতে যাওয়া নির্বাচনে অংশ নেবেন বিসিবির এডহক কমিটির প্রধান। নির্বাচিত হতে পারলে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পেতে পারেন তামিম। সাকিব আল হাসানের বিশ্বাস, তামিম নির্বাচিত সভাপতি হতে পারলে দেশের ক্রিকেটে অনেক উপকৃত হবে।

বিসিবির সবশেষ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তামিম। মনোনয়ন পত্র জমা দিলেও পরবর্তীতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সাবেক অধিনায়ক। দেশের সরকার পরিবর্তনের পর বিসিবি নির্বাচনে হওয়া সরকারি হস্তক্ষেপ ও কারসাজি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অভিযোগ দেন তামিমরা। সেই অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটিও গঠন করে এনএসসি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের বোর্ড ভেঙে এডহক কমিটি গঠন করে তারা। সেই কমিটির প্রধানের দায়িত্ব পান তামিম। এডহক কমিটির প্রধান হয়েই দেশের ক্রিকেট এগিয়ে নিতে কাজ করেছেন তিনি। এখনো পর্যন্ত বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। গ্যালারিতে দর্শকদের স্বস্তি ফেরাতে নানান উদ্যোগের সঙ্গে ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছেন। এ ছাড়া দুই দশকের পুরনো ঐতিহ্য ফিরিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ‘বল বয়’ ফিরিয়েছেন।

এখনো পর্যন্ত বেশিরভাগ কাজেই ইতিবাচকতা দেখিয়েছেন তামিম। তবে বিসিবির কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাবেক অধিনায়কের প্রধান দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। কদিন আগে তামিম নিজেই নিশ্চিত করেছেন আগামী জুনে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। দায়িত্ব নেওয়ার দিনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছিলেন তিনি। সাকিব মনে করেন, তামিম নির্বাচিত হয়ে আসতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই লাভ হবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।’

তামিম দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুশি সাকিব। তারকা অলরাউন্ডার এও জানিয়েছেন, বাংলাদেশ দল এখন ব্যক্তি কেন্দ্রিক নয় বরং দলীয় পারফরম্যান্সে ভালো করছে।

সাকিব বলেন, ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো ‍উপায়।’

আরো পড়ুন: