ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন মনে করেন ঘরোয়া ক্রিকেটই দেশের পুরো ক্রিকেটের প্রাণ। ঘরোয়া ক্রিকেট থামকে থাকলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে যায়। তাই প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন মোসাদ্দেক।
তিনি বিসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষে গণমাধ্যমকে বলেছেন, 'ঘরোয়া ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। এখান থেকে ধরেন যারা জাতীয় দলে না খেলে তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় তাদের পারিবারিক বা সাংসারিক জীবন যাপন করতে আসলে। তো সেই জায়গা থেকে যদি এরকম উদ্যোগ সবসময় নেওয়া হয় এবং সঠিক সময়ে খেলাগুলো হয়, একই সাথে যেমন পারফর্মাররা আসবে একই সাথে প্লেয়াররাও মানে আপনার মাঠে থাকবে সবসময়, তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে।'
মোসাদ্দেক তার পুরো ক্যারিয়ারই প্রায় কাটিয়ে দিয়েছেন আবাহনী লিমিটেডের হয়ে খেলে। বিসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষে এবার প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। মোসাদ্দেক জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবেন। দলও বেশ ভালো হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন, 'আমি আমার পুরো ক্যারিয়ারটাই আবাহনীর জন্যই খেলেছি। সবসময় মানে আমরা ওই চ্যাম্পিয়ন রানার আপের মধ্যেই ছিলাম। তো এবারও তার ব্যতিক্রম না, আমরা ওই মানসিকতাতেই আছি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং আমাদের দলও মাশাআল্লাহ খুবই ভালো। তো আমরা আশাই করতে পারি যে আমরা একটা ভালো ফলাফল করব প্রিমিয়ার লিগে।'
এবার দলবদলে বড় চমক দেখিয়েছে হান্নান সরকারের শীষ্যরা। সাব্বির রহমান, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ও সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি আবাহনীতে আগেই ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জিসান আলম ও রকিবুল হাসানরা।