আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরোয়া ক্রিকেট খেললেও কয়েক বছর ধরেই জাতীয় দলে নেই রুবেল হোসেন। গত কয়েক বছরে জাতীয় দলের আশেপাশেও আসতে পারেননি ডানহাতি এই পেসার। জাতীয় দলে ফিরতে পারেন এমন সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

২০২৪ সালের এপ্রিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন রুবেল। প্রায় ১০ মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ মেলে ডানহাতি পেসারের। গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে একটি ম্যাচ খেলা রুবেল এবছর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগই পাননি। এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না তিনি।

জাতীয় দলেও নেই লম্বা সময় ধরেই। বাংলাদেশের জার্সিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২০ সালে, পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে খেলেছেন ২০২১ সালের মার্চে এবং টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন একই বছরের এপ্রিলে, নিউজিল্যান্ড সফরে। পাঁচ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

ডানহাতি পেসার আরও যোগ করেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। বাংলাদেশের জার্সিতে টেস্টে ৩৬, ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০১৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন।

আরো পড়ুন: