দাম দেখে দল সাজানো উচিৎ নয়, গ্রিনকে নিয়ে ফিঞ্চ

আইপিএল
অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন
অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএলে পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। খেলোয়াড়দের ইনজুরি বড় বিপাকে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। পাশাপাশি কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনাও। নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কেনা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ। তবুও তাকে এই উচ্চমূল্যের কথা চিন্তা করে খেলিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলোই কলকাতার ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এবারের আসরের নিলাম থেকে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে গ্রিনকে দলে ভিরিয়েছিল কলকাতা। শুরুর দিকে ইনজুরির কারণে গ্রিন বোলিং করতে পারেননি। ব্যাট হাতেও এখন পর্যন্ত গড়পড়তা গ্রিনের পারফরম্যান্স। পাঁচ ম্যাচে মোটে ৫৬ রান করা গ্রিনকে টানা খেলিয়ে যাবার তীব্র সমালোচনা করেছেন ফিঞ্চ। গ্রিনকে নিজের পছন্দের পজিশনের বাইরে খেলানোকে কৌশলগত ভুল মনে করেন তিনি। কলকাতাকে গ্রিনের দামের মায়া ঝেড়ে ফেলার পরামর্শও দিচ্ছেন এই সাবেক অজি ওপেনার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে ফিঞ্চ বলেন, আপনার কখনোই 'প্রাইস ট্যাগ' দেখে দল নির্বাচন করা উচিৎ না। এটা করা সত্যিই মূর্খতার পরিচয় হবে। কারণ নিলামে খেলোয়াড় কেনা মানে হলো আপনি যে স্কিল নিয়ে এসেছেন তার সাথে মিলিয়ে পারফর্ম করবেন সেই প্রত্যাশা থাকবে। বিষয়টা এমন নয় যে, ‘ঠিক আছে, আমরা এই খেলোয়াড়কে খেলাব কারণ আমরা তাকে এত টাকা দিয়ে কিনেছি।’ সে ভুল পজিশনে খেলছে। তার সেরা পারফরম্যান্স ওপেনিং অর্ডারে এসেছে।'

‎দলের মূল বোলারদের প্রায় সকলের ইনজুরি বা অসুস্থতা জনিত সমস্যা বিপদে ফেলেছে কলকাতাকে। সাথে যুক্ত হয়েছে ব্যাটিং অর্ডারের ছন্নছাড়া অবস্থা। পাঁচ ম্যাচ পরেও ব্যাটারদের পাকাপাকিভাবে জায়গা বুঝিয়ে দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন-চার নম্বরে খেলে সফল হওয়া গ্রিনকে সবশেষ ম্যাচে খেলানো হয়েছে ছয় নম্বরে। গ্রিনকে ফর্মে ফেরাতে এভাবে তার ব্যাটিং পজিশনকে বারবার ওলট-পালট করে খেলানোটা তারই ক্ষতি করছে বলে মনে করেন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, 'ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে ছয় নম্বরে ব্যাটিং করাটা বেশ অস্বাভাবিক। আমার মনে হয় না টি-টোয়েন্টি ক্রিকেটে সে সেখানে খুব বেশি খেলেছে। সেই সাথে এই পজিশনে রান তাড়া করতে নেমে শুরুতেই দুইজন স্পিনারের মুখোমুখি হওয়াটা তার জন্য দুঃস্বপ্নের মতো। সে টিকেছে মাত্র এক বল।'

সবশেষ ম্যাচে টপ অর্ডারকে নতুন করে সাজিয়ে সুনীল নারিনকে ওপেনিংয়ে খেলিয়েছে কলকাতা। এই সিদ্ধান্তকে সমর্থন করলেও আগের ম্যাচগুলোতে একাদশ সাজানো ও ম্যাচের কৌশল সাজানো ইস্যুতে কলকাতার তীব্র সমালোচনা করেন ফিঞ্চ। সামনের ম্যাচগুলোতে টিম সেইফার্ট, রচিন রবীন্দ্রের মত একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের ব্যাপারে নতুন করে বিবেচনার পরামর্শ তার।

ফিঞ্চ আরো যোগ করেন, 'কেকেআরের কৌশলগুলো মোটেও সুবিধার নয়। বিশেষ করে রান তাড়া করার সময় তাদের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন আছে। নারিনকে ওপেনিংয়ে নামানোর সিদ্ধান্ত ভালো ছিল, যদিও তা কাজে আসেনি। কিন্তু অন্য সিদ্ধান্তগুলো ছিল একেবারেই অদ্ভুত। যখন আপনি হারছেন, তখন আপনি অনেক ধরনের বিকল্প বিবেচনা করতে পারেন। কলকাতার দলে সেইফার্ট আছে। সে ভালো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পার করেছে। সে দারুণ একজন ওপেনার এবং ভালো ফর্মেও আছে।'

আরো পড়ুন: