৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ইমন

পিএসএল
পারভেজ হোসেন ইমন, পিএসএল
পারভেজ হোসেন ইমন, পিএসএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুলতান সুলতান্সের বিপক্ষে পাওয়া চোটে পাকিস্তান ‍সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের শারীরিক অবস্থার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই ওপেনার। গত ফেব্রুয়ারিতে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে পারভেজ ইমনকে দলে নিয়েছিল লাহোর। দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। যদিও পুরো টুর্নামেন্ট খেলা হয়ে উঠল না তার।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ইমনের কাঁধের চোট সেরে উঠতে সময় লাগবে। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে ফেরার পর পারভেজ হোসেন ইমনের ডান কাঁধের চোট মূল্যায়ন করে দেখা যাচ্ছে, এটি এমন একটি ইনজুরি যা সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘ইমন ইতোমধ্যেই বিসিবির মেডিক্যাল ও কোচিং স্টাফদের তত্ত্বাবধানে একটি নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে। এখন সে বিসিবির মেডিক্যাল ও কোচিং স্টাফদের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন ও কার্যকরী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালিয়ে যাবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ইমন সেরে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির এই ফিজিও। চলতি মাসেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসছে কিউইরা। এই সিরিজে ইমনের ফেরা নিয়ে বায়েজিদ বলেন, ‘এই মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আমরা আশাবাদী।’

আরো পড়ুন: