এই নিউজিল্যান্ডকে হালকাভাবে নিতে মানা করছেন নান্নু

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। দলেও ফিরেছেন বেশ কয়েকজন পুরাতন ক্রিকেটার।

এর মধ্যে চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্কি এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্কি থাকছেন ওয়ানডে দলে, টিকনার টি-টোয়েন্টি দলে এবং ফিশার সুযোগ পেয়েছেন দুই ফরম্যাটেই। নিয়মিত অনেক ক্রিকেটারের অনুপস্থিতি ও নতুন মুখের সংযোজন মিলিয়ে ভিন্ন এক নিউজিল্যান্ড দলই দেখতে যাচ্ছে বাংলাদেশ।

এই প্রেক্ষাপটে প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটেই তারা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যেকোনো দেশকে। তো সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা ওতো হালকাভাবে নেওয়াটা যাবে না কারণ যেহেতু আমাদের ঘরের মাঠে খেলছি। আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে।'

নিউজিল্যান্ড পরীক্ষা নিরীক্ষা চালালেও বাংলাদেশের ক্ষেত্রে এটা হিতে বিপরীত হতে পারে। টাইগারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, 'ওদের নিয়মিত যে খেলোয়াড়রা (তারা আসছে না) বেশ কিছু পরিবর্তন এনেছে (দলে)। আমার মনে হয় তাদেরকে হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদে পড়তে পারি। আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা আগামী সিরিজে কাজে লাগবে।’

দেশের চলমান জ্বালানি পরিস্থিতির কারণে এই সিরিজের সূচিতেও এসেছে পরিবর্তন। বিসিবির এডহক কমিটির সভাপতির ইঙ্গিতের পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ এপ্রিল থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগে ওয়ানডে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, তবে নতুন সূচি অনুযায়ী তা এগিয়ে আনা হয়েছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এসব ম্যাচ শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হতে পারে সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই ইনিংসের মাঝে বিরতি থাকবে ৩০ মিনিট। ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এখন টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে। প্রতিটি ইনিংস শেষ করতে হবে এক ঘণ্টা ২৫ মিনিটের মধ্যে এবং দুই ইনিংসের মাঝে বিরতি থাকবে ২০ মিনিট। ফলে বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যেই শেষ হবে ম্যাচ।

কোনো ম্যাচেই রাখা হয়নি রিজার্ভ ডে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের ত্রিমুখী সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সেই বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।

আরো পড়ুন: