আইপিএল খেলার এনওসি পেলেন পাথিরানা

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠতে না পারায় আইপিএলের শুরুতে মাথিশা পাথিরানাকে পাবে না কলকাতা নাইট রাইডার্স! এমনটা আগে থেকেই জানতো তিনবারের চ্যাম্পিয়নরা। তবে অভিষেক নায়ার জানিয়েছিলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন লঙ্কান পেসার। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এনওসি পেয়ে আইপিএল যোগ দিচ্ছেন পাথিরানা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় পায়ের পেশির চোটে পড়েছিলেন পাথিরানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার বল করার পরই মাঠ ছাড়তে হয়েছিল ডানহাতি পেসারকে। পরবর্তীতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ছিটকেও যান তিনি। বিশ্বকাপের সময় থেকেই মাঠের বাইরে থাকা পাথিরানা এসএলসির তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন।

বিদেশের লিগে অংশগ্রহণের জন্য নিজ দেশের বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হয়। এসএলসি নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হলে ফিটনেস টেস্টে উতরে যেতে হবে। চোটে পড়ায় পাথিরানাকে নিশ্চিতভাবেই ফিটনেস পরীক্ষা দিতে হতো। সেই পরীক্ষায় পাশও করেছেন পাথিরানা।

ফিটনেস টেস্টে পাশ করায় আইপিএল খেলার এনওসি পেয়েছেন ডানহাতি এই পেসার। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভারতে পৌঁছে কলকাতার সঙ্গে যোগ দেবেন পাথিরানা। সেদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলবে কলকাতা। সেই ম্যাচে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি।

ধারণা করা হচ্ছে, ১৯ এপ্রিলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন পাথিরানা। শ্রীলঙ্কান পেসারের যোগ দেওয়া কলকাতার জন্য বড় স্বস্তির। কারণ চোটের কারণে আগেই ছিটকে গেছেন হার্শিত রানা। টুর্নামেন্ট শুরুর আগে ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। চোটের কারণে খেলা হচ্ছে না আকাশ দীপেরও।

আপাতত বৈভব অরোরা ও ব্লেসিং মুজারাবানিদের মতো পেসারদের উপর ভরসা রাখতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। ১৮ কোটির পাথিরানা যোগ দিলে পেস বোলিংয়ে শক্তি বাড়বে কলকাতার। চলতি আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না তাদের। এখনো পর্যন্ত জিততে পারেনি তারা। পাঞ্জাবের কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ৪ ম্যাচে কলকাতার প্রাপ্তি মাত্র এক পয়েন্ট।

আরো পড়ুন: