গত ফেব্রুয়ারিতে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে পারভেজ ইমনকে দলে নিয়েছিল লাহোর। দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। যদিও পুরো টুর্নামেন্ট খেলা হয়ে উঠল না তার।
হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পিএসএলে অভিষেক হয় পারভেজ ইমনের। অভিষেকটা অবশ্য রাঙাতে পারেননি তিনি। আউট হয়েছিলেন মাত্র ১৪ রানে। পরবর্তীতে করাচি কিংসের বিপক্ষেও ব্যর্থ হয়েছিলেন। চার নম্বরে নেমে সেদিন আউট হয়েছিলেন ১২ রানে। বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ফখর জামান।
পাকিস্তান ব্যাটারের নিষেধাজ্ঞায় মুলতান সুলতান্সের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ মেলে ইমনের। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। পাঁচ ছক্কা ও দুই চারে খেলেছিলেন ১৯ বলে ৪৫ রানের ইনিংস। ওমন ব্যাটিংয়ের পর ফিল্ডিং করতে গিয়ে আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগায় মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
সেই চোটে শেষ পর্যন্ত পিএসএল থেকে ছিটকে গেছেন ইমন। বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে শ্রীলঙ্কার আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর। ১৭ এপ্রিল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন আসালাঙ্কা। পিএসএলে এখনো অভিষেক হয়নি বাঁহাতি ব্যাটারের।