বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা থাকে দুই দেশের সাধারণ মানুষেরই। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমিমাহ জানান, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ এতটাই প্রবল যে তার বাসার দারোয়ানও ম্যাচের আগে বিশেষ বার্তা দিতে ভোলেন না।
জেমিমাহ বলেন, 'আমি আমার প্রথম ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে করতে পারি। ম্যাচের আগে ড্রেসিংরুমে হারমান দিদি (হরমনপ্রীত কৌর) আমাদের বলেছিলেন, ‘চলো এটা অস্বীকার না করি। বাইরে থেকে একটা চাপ থাকেই, কারণ আমরা জানি ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাস কী এবং সমর্থকেরা আমাদের কাছ থেকে কী আশা করে।'
জেমিমাহ আরও বলেন, 'এমনকি আমার বাসার দারোয়ানও বলে, ‘যার কাছেই হারো, পাকিস্তানের কাছে হারবে না।’ এটাই এই ম্যাচের চাপ। কারণ মানুষ ক্রিকেটকে ভালোবাসে, এই প্রতিদ্বন্দ্বিতাকেও ভালোবাসে।'
তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, ভারতীয় দলের মূল লক্ষ্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করা বলে জানিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ জেতার পর এবার ছোট ফরম্যাটের বিশ্বকাপও নিজেদের করে নিতেই ইংল্যান্ডে এসেছে ভারত, এমনটাই জানান এই ব্যাটার।
এ প্রসঙ্গে জেমিমাহ বলেন, 'ট্রফিটা হাতে তোলাই আমাদের লক্ষ্য। আজ সকালেও আমরা সেটা কল্পনা করেছি। দল হিসেবে আমরা নিয়মিত এমনটা করি। আমরা বিশ্বাস করি, কোনো কিছু দীর্ঘদিন ধরে কল্পনা করলে ধীরে ধীরে আপনি সেই লক্ষ্যেই এগিয়ে যেতে শুরু করেন।'
বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে জেমিমাহ বলেন, 'প্রতিটি ম্যাচের জন্য আমরা আলাদাভাবে প্রস্তুতি নিই। অনুশীলনে আমরা নিজেদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলি এবং বিভিন্ন ম্যাচ পরিস্থিতি নিয়ে কাজ করি। সবাই বলে চাপের মধ্যে ভালো খেলতে হবে, কিন্তু সেটা সম্ভব তখনই, যখন অনুশীলনেও বারবার সেই চাপের পরিস্থিতির মুখোমুখি হওয়া যায়। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। কয়েকটি দারুণ ক্যাম্প হয়েছে এবং দল আত্মবিশ্বাসে ভরপুর।'