আইপিএলসহ ফ্রাঞ্চাইজি লীগগুলোর কারণে নিজ দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের ঘটনা এখন খুবই সাধারণ। বৈশ্বিক আসর ব্যতীত বড় তারকাদের এখন আর আন্তর্জাতিক ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না। তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা এখন ক্রমেই কমছে। যার কারণে খেলোয়াড়রাও আইপিএলের মত তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট বেশি উপভোগ করছেন।
'অল ওভার বার দ্যা ক্রিকেট' নামক একটি পডকাস্টে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হেইডেন বলেন, 'বিভিন্ন দলের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, বিদেশি খেলোয়াড়রা, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার, আর কিছুটা আমরা (অস্ট্রেলিয়ানরা) ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আইপিএলকে এমনভাবে মূল্যায়ন করে যেন এটি আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও বড়।'
প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি অর্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিমুখ হবার পেছনে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এমনকি অস্ট্রেলিয়ার মত দেশের খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে কয়েকগুণ বেশি আয় করছেন এই লীগগুলোতে খেলে। অর্থ ও প্রতিদ্বন্দ্বিতার কারণে আইপিএলকে ঘিরে দর্শক উন্মাদনা টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দেয় আরও কয়েকগুণ।
হেইডেন আরো যোগ করেন, 'তারা কেন আইপিএলকে এতটা গুরুত্ব দেয় সেটা বোঝা যায়। কারণ এই টুর্নামেন্টকে ঘিরে প্রচণ্ড উন্মাদনা থাকে। আপনি যখন আইপিএলে থাকেন, তখন আপনি ব্রডকাস্টিং করছেন কিনা, বা রাস্তার সাধারণ দর্শক হিসেবে আছেন কিনা, কিংবা আমাদের মতো সাইডলাইনে,যেখানেই থাকুন না কেন, পুরো আইপিএল সময়জুড়ে এটা আপনাকে গ্রাস করে রাখে। প্রতিদিনই শুধু ক্রিকেট চলে,কখনো কখনো দিনে দু’বারও।