সূর্যবংশীকে থামাতে বিশেষ ছক কষছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের হয়ে নিয়মিত খেলার সুযোগ না পেলেও বৈভব সূর্যবংশীকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সূর্যবংশী। তাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাঁহাতি এই ওপেনারকে সামলানোর প্রস্তুতি আগেভাগেই নিয়ে রাখছে স্বাগতিকরা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে ভারত। দলের সঙ্গে থাকলেও সূর্যবংশীর একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের উদ্বোধনী জুটির পাশাপাশি তিন নম্বরে ইশান কিশান খেলায় তার জন্য সুযোগ বের করা কঠিন হয়ে পড়েছে।

তবে সূর্যবংশীর ব্যাটিংয়ের ধরন যে প্রতিপক্ষের জন্য বড় হুমকি, তা স্বীকার করেছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তার ভাষায়, 'সে অসাধারণ প্রতিভার অধিকারী। আইপিএলে দুর্দান্ত খেলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আক্রমণাত্মক ব্যাটিং করেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে। প্রায় প্রতিটি ম্যাচেই ২৫০ স্ট্রাইক রেটে রান করছে, খুব কম ম্যাচেই তাকে ব্যর্থ হতে দেখা গেছে।'

তরুণ এই ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে, তা নিয়েও কাজ করেছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ডাফি বলেন, 'ইংল্যান্ডে সে ভিন্ন পরিবেশে খেলেছে, যা তার জন্য ছিল আলাদা ধরনের পরীক্ষা। আমরা তার খেলা দেখেছি এবং তাকে মোকাবিলার জন্য কী করতে হবে, তা নিয়ে পরিকল্পনাও করেছি।'

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি সূর্যবংশীর। ইংল্যান্ড সফরে প্রথম তিন ম্যাচে ১৪, ১৩ ও ১৫ রান করে একাদশ থেকে বাদ পড়েন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজেই নিজের সামর্থ্য দেখান এই বিধ্বংসী ব্যাটার। এক ম্যাচে মাত্র ১৮ বলে ফিফটি করার পাশাপাশি আরেক ম্যাচে ৪৯ বলে করেন ৮১ রান। এশিয়ান গেমসেও শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৩৮ রান করেছিলেন তিনি।

২২ অক্টোবর শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সূর্যবংশী শুরু থেকেই একাদশে সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত নয়। তবে সিরিজের কোনো পর্যায়ে সুযোগ পেলে তাকে ঘিরে নিউজিল্যান্ডের পরিকল্পনা কতটা কার্যকর হয়, সেটিই দেখার বিষয়।

আরো পড়ুন: