লিটনের মেডিকেল রিপোর্টে যা জানা গেল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
লিটন দাস, ফাইল ছবি
লিটন দাস, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক লিটন দাসের হিপ জয়েন্টের স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে সেখানে সামান্য পেশির সমস্যা রয়েছে। আগামী দুই দিন তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে হিপ জয়েন্টের অস্বস্তির কারণে ছিটকে গেছেন লিটন। সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তার স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি হালকা ফিজিওথেরাপিও করানো হয়।

সোমবার ক্রিকবাজকে বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য বলেন, 'লিটন আজ আমাদের কাছে এসেছিল। স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই, তবে সামান্য পেশির সমস্যা রয়েছে। আজ হালকা ফিজিওথেরাপি করানো হয়েছে। আগামীকালও একইভাবে চলবে। এরপর দুই দিন পর তাঁর চোটের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে তার উন্নতি না দেখে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছে না মেডিকেল বিভাগ। একই কর্মকর্তা বলেন, 'আমরা আশাবাদী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে। তবে আগামী কয়েক দিনের অগ্রগতি না দেখে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত হিপ জয়েন্ট নিয়ে বড় কোনো সমস্যা নেই।'

এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করার সময় তাইজুল ইসলামের বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় তার পা ভারী আউটফিল্ডে আটকে যায়। এতে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। চোট নিয়েই টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন খেলেছিলেন নাঈম।

পরবর্তী পরীক্ষায় পেশিতে কিছুটা দুর্বলতা ধরা পড়ায় তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়। ঝুঁকি এড়াতে জাতীয় ক্রিকেট লিগের চলতি রাউন্ডেও খেলতে দেওয়া হয়নি তাকে। তবে সোমবার থেকে আবার বোলিং শুরু করেছেন নাঈম। ক্রিকবাজকে তিনি বলেন, 'আজ বোলিং শুরু করেছি এবং কোনো অস্বস্তি অনুভব করিনি। এখন নির্ধারিত ফিটনেস পরীক্ষার অপেক্ষায় আছি, যাতে মেডিকেল দলের কাছ থেকে খেলার ছাড়পত্র পেতে পারি।'

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। মঙ্গলবার শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করার কথা তাদের। ২২ অক্টোবর বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়, দ্বিতীয়টি ৫ নভেম্বর সিলেটে। ছয় টেস্টে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

আরো পড়ুন: