রবিবার (১৮ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ঘটনা ঘটে। আইসিসি জানিয়েছে, খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী দলের সদস্যদের আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন শেফালি। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের সরঞ্জামের অপব্যবহারসংক্রান্ত ২.২ ধারা ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে। শ্রী চরানির বলে মিড-অফে চিপো মুগেরি-তিরিপানোর ক্যাচ নিতে পারেননি শেফালি। সুযোগ হাতছাড়া হওয়ার হতাশায় বলটি মাটিতে ছুড়ে মারেন ভারতের এই ওপেনার। সেই আচরণই আইসিসির নজরে আসে।
গত ২৪ মাসে এটিই শেফালির প্রথম অপরাধ। নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি জিএস লক্ষ্মীর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে ন্যূনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামী ২৩ অক্টোবর থেকে বরোদায় শুরু হবে সেই লড়াই।