বয়স নয়, সূর্যবংশীর পারফরম্যান্সকে গুরুত্ব দিতে বলছেন শেবাগ

ভারত ক্রিকেট
বীরেন্দর শেবাগ ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বীরেন্দর শেবাগ ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বয়স মাত্র ১৫ বছর। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে বৈভব সূর্যবংশীকে ধীরে ধীরে এগিয়ে নেয়ার পক্ষে ভারতের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ মনে করেন বয়স নয়, সূর্যবংশীর বর্তমান ফর্ম বিবেচনা করেই তাকে নিয়মিত খেলার সুযোগ দেয়া উচিত।

এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছেন সূর্যবংশী। তার আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ শেবাগ। দিল্লির এক অনুষ্ঠানে সূর্যবংশীকে নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই ওপেনার জানিয়েছেন, তরুণ এই ব্যাটার এখন দারুণ ছন্দে রয়েছেন।

শেবাগ বলেন,'সূর্যবংশী সেরা ছন্দে রয়েছে। ওর ভাবনা অনেকটা আমার মতোই। প্রথম বল থেকেই মারো। এখন দেখার বিষয়, ও কত বেশি সুযোগ পায় এবং ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারে।'

সূর্যবংশীর বয়সকে গুরুত্ব না দিয়ে তার পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন শেবাগ। তার মতে, বয়সভিত্তিক ক্রিকেটের নিয়ম আর আইপিএল কিংবা জাতীয় দলের ক্রিকেট এক নয়। প্রতিভা ও পারফরম্যান্সই সেখানে মূল বিবেচ্য হওয়া উচিত।

এ প্রসঙ্গে শেবাগ বলেন, 'বয়সভিত্তিক ক্রিকেটে খেললে তবু একটা মানে আছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট হলে আপনার বয়স ১৯- এর নিচে হতেই হবে। কিন্তু আইপিএল বা ভারতের হয়ে খেললে বয়সের কথা মাথায় রাখা উচিত নয়।'

উদাহরণ হিসেবে তিনি বিরাট কোহলি ও সূর্যবংশীর কথা তুলে ধরেন। শেবাগের ভাষায়, '৩৮ বা ৪০ বছরের কোহলি দিব্যি খেলেছে। ১৫ বছরের সূর্যবংশীও খেলছে। এতে বোঝা যায় পারফরম্যান্সটাই আসল।'

এদিকে ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়েও মুগ্ধ শেবাগ। এক দিনের ক্রিকেটে দ্বিতীয়বার দ্বিশতরান করার পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে সাত শতাধিক রান করে গাভাস্করের নজির ছাড়িয়ে যাওয়ায় গিলের প্রশংসা করেছেন তিনি।

শেবাগ বলেন, 'এখন অনেক ক্রিকেটার খুব ভালো খেলছে। তাদেরই একজন শুভমান গিল। ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। ইংল্যান্ডে ৭০০-র উপর রান করে সুনীল গাভাস্করের নজির ভেঙে দিয়েছে। কিছু দিন আগে এক দিনের ক্রিকেটে দ্বিতীয়বার দ্বিশতরান করেছে। কাজটা সহজ নয়।'

আরো পড়ুন: