চলতি আসরে হতাশাজনক ফলের পর নিজেদের অবস্থান নিয়ে ভাবতে শুরু করেছে মুম্বাই শিবির। শুধু দলের ফল নয়, নেতৃত্ব এবং পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠছে ভেতরে ভেতরে। মৌসুম শেষ হতেই সব দিক খতিয়ে দেখতে বৈঠকে বসার কথা জানিয়েছে দলের ম্যানেজমেন্ট।
পোলার্ড বলেন, 'অধিনায়ক হিসাবে হার্দিককে নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। ব্যক্তিগত ভাবে ও যতটা আশা করেছিল, ততটা ভালো হয়তো হয়নি। সাপোর্ট স্টাফ হিসাবে আমরা যেমন চেয়েছিলাম, তেমনও হয়নি। তবে একটা বিষয় পরিষ্কার। দলের ভালো ফলের জন্য আমরা সব চেষ্টা করেছি। সব রকম ভাবে চেষ্টা করেছি।'
'আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে যে সুযোগ সুবিধা দরকার, সব রকম দিয়েছি। কাউকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করার ব্যাপার নয়। নির্দিষ্ট কারও দিকে আঙুল তোলাও ঠিক নয়। সাফল্য না এলে সব কিছুই খতিয়ে দেখতে হয়। পর্যালোচনা করতে হয়। খেলায় কখনও আপনি জিতবেন। আবার কখনও হারবেন। এটাই স্বাভাবিক।'
দলের ভেতরে পরিবর্তনের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে অবশ্য সরাসরি উত্তর এড়িয়ে যান পোলার্ড। এক্ষেত্রে হার্দিকের পক্ষেই গেছে তার জবাব।
তার ভাষায়, “কিছু প্রশ্ন তো উঠবেই। আমার নিজেরও কিছু প্রশ্ন আছে। হার্দিক চেষ্টা করেছে, দলের সবাই চেষ্টা করেছে। কিন্তু এ বার কিছুই আমাদের পক্ষে যায়নি। এখন বসে আলোচনা করতে হবে, দলের জন্য কোন সিদ্ধান্ত সবচেয়ে ভালো হবে সেটা ঠিক করতে হবে।'
চলতি আসরে ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে মুম্বাই। রান গড় ভালো থাকায় তারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ওপরে থেকে নবম স্থানে শেষ করেছে। পাঁচবারের শিরোপাজয়ী দলটি ২০২০ সালের পর আর ফাইনালে উঠতে পারেনি।