লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া অনুশীলন ক্যাম্পের জন্য ৪৯ জন ক্রিকেটারকে ডেকেছে পিসিবি। এর মধ্যে টেস্ট দলের জন্য ২২ জন এবং সাদা বলের ফরম্যাটের জন্য ২৭ জনকে রাখা হয়েছে। শাহিনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যাম্পে রাখা হলেও টেস্ট ক্যাম্পের তালিকায় তার নাম নেই। পিসিবি জানিয়েছে সাদা বলের ক্যাম্প চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
অন্যদিকে লাল বলের ক্যাম্প শেষ হওয়ার কথা ১০ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু হতে পারে ১৫ জুলাই থেকে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে নির্বাচকদের মধ্যে শাহীনের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অংশগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের হয়ে ২০১৭ সালের ডিসেম্বরে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শাহীনের।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট খেলেছেন তিনি, নিয়েছেন ১২৬ উইকেট। সর্বশেষ বাংলাদেশ সিরিজে তার বোলিংয়ের গতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর দ্বিতীয় ম্যাচ থেকে বাদ দেয়া হয় শাহীনকে। তার জায়গায় সুযোগ পান পেসার খুররম শেহজাদ। দীর্ঘ ফরম্যাটে পারফরম্যান্স ধরে রাখতে নিয়মিত চার দিনের ঘরোয়া ক্রিকেট খেলা জরুরি বলে মনে করছে পিসিবি।
সে কারণে ওয়ানডে অধিনায়ক হলেও টেস্ট দলে শাহীনের ভূমিকা নতুন করে বিবেচনা করছেন নির্বাচকেরা। তার দীর্ঘমেয়াদি টেস্ট ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে লাল বলের ক্যাম্প থেকে বাদ পড়া ইঙ্গিত দিচ্ছে, আসন্ন টেস্ট সিরিজগুলোর আগে বিকল্প পরিকল্পনার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।