লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুস্তাফিজের লাহোরের বিপক্ষে শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিলো করাচির জন্য। হারিস রউফ ওভার শুরু করার আগে বলটি ফখর জামানের হাতে ছিলো। বলের আকৃতি নিয়ে সন্দেহ হওয়ায় আম্পায়াররা বলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। বলের অবস্থা পরিবর্তনের প্রমাণ পাওয়ায় তখনই লাহোরকে পাঁচ রান জরিমানা করা হয়। শেষ ওভারে ১৪ রানের সমীকরণ থেকে ৯ রানের সমীকরণে নেমে আসে ম্যাচ।
লাহোরের পেনাল্টিতে পাওয়া পাঁচ রানকে কাজে লাগিয়ে শেষ ওভারে আব্বাস আফ্রিদির দুই বাউন্ডারিতে ম্যাচ জিতে নেয় করাচি। যে পেনাল্টি ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলো সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে লাহোর অধিনায়ক শাহীন।
ম্যাচ শেষের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাহীন বলেন, 'এই বিষয়টা (বল টেম্পারিং) সম্পর্কে আমি কিছু জানি না। আমরা বিষয়টি আলোচনা করব। পাঁচ রানের পেনাল্টি হয়েছে। কিন্তু এখন কিছু বলার নেই, দেখা যাবে।'
অন্যদিকে বল টেম্পারিংয়ে যুক্ত থাকার অভিযোগে ম্যাচ শেষে শুনানিতে ডাকা হয় লাহোরের ব্যাটার ফখরকে। ম্যাচ রেফারি রোশন মহানামার আরোপিত এই অভিযোগ অস্বীকার করেন ৩৫ বছর বয়সী এই ওপেনার। যদিও পরে আরো একটি আনুষ্ঠানিক শুনানিতে হাজির হতে হবে তাকে।
প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রান তুলতে পেরেছিলো লাহোর। আব্দুল্লাহ শফিক ছাড়া টপ অর্ডারের কেউই ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। প্রথম ম্যাচের মত এ দিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশী ওপেনার পারভেজ হোসেন ইমন। ১২ বলে ১২ রান করে লেগ বিফোর আউট হন তিনি। ইমন ব্যর্থ হলে এ দিনও বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। যদিও তার চার ওভারে মাত্র ২০ রান দিয়ে এক উইকেট শিকারের দারুণ স্পেলও শেষমেষ ম্যাচ জেতাতে পারেনি লাহোরকে।