প্রথমবার ভারত দলে বৈভব, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আইয়ার

ভারত ক্রিকেট
শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের অধিনায়ক সূর্যকুমার যাদবকে এই দল থেকে বাদ দেয়া হয়েছে।

২০২৮ বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা শুরু করেছে ভারত। সেই ভাবনার অংশ হিসেবেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। সাম্প্রতিক ঘরোয়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই তরুণ ব্যাটার।

গত মার্চে সূর্যকুমারের নেতৃত্বেই বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বিশ্বকাপে নয় ইনিংসে ২৪২ রান করার পাশাপাশি সর্বশেষ আইপিএলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন। ফলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগেই।

অন্যদিকে প্রায় আড়াই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শ্রেয়াস। মাঝের সময়ে জায়গা সংকটের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য এবং নেতৃত্বের অভিজ্ঞতা তাকে আবারও আলোচনায় নিয়ে আসে।

শ্রেয়াসের নেতৃত্বের রেকর্ডও বেশ সমৃদ্ধ। কলকাতাকে শিরোপা জেতানোর পাশাপাশি দিল্লি ও পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন তিনি। ব্যাট হাতেও গত দুই মৌসুমে নিয়মিত রান করেছেন ডানহাতি এই ব্যাটার, যা নির্বাচকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে বৈভব সূর্যবংশী ভারতের পুরুষ দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের একজন হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে তার আক্রমণাত্মক ব্যাটিং নজর কাড়ে সবার। জাতীয় দলের সফরের আগে তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আসরে ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন।

আয়ারল্যান্ড সফরে দুটি এবং ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। নতুন অধিনায়ক ও কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে এই সফরকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে দলটি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ভারত স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব।

আরো পড়ুন: