ফাইনালের পর প্রকাশিত একটি ভিডিওতে জানা গেছে, বৈভবকে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন কোহলি। ভারতের ক্রিকেটের সম্ভাবনাময় এই তরুণকে আত্মবিশ্বাস ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কোহলিকে বলতে শোনা যায়, 'এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। যা হয়েছে তা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্য হয়েছে। কে কী বলছে, কীভাবে বলছে, তা শুনবে না। খালি তুমি আর তোমার ব্যাট। বাকি সব ভুলে যাও।'
এরপর নিজের কথাকে আরও সহজভাবে বোঝাতে বৈভবের জন্মভূমি বিহারের প্রসঙ্গ টেনে আনেন কোহলি। তিনি বলেন, 'একজন বিহারি সকলকে হারিয়ে দেবে। ব্যস, গল্প শেষ।' কোহলির এই মন্তব্যে হাসতে দেখা যায় বৈভবকে।
রাজস্থান রয়্যালস শিরোপার লড়াইয়ে জায়গা করে নিতে না পারলেও এবারের আসরে আলোচনার কেন্দ্রে ছিলেন বৈভব। ১৬ ম্যাচে ৭৭৬ রান করে তিনি ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ রানসংগ্রাহক। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি, যার মধ্যে তিনটি ইনিংস নব্বইয়ের ঘর পেরিয়েছে।
সর্বোচ্চ রানসংগ্রাহকের স্বীকৃতির পাশাপাশি সবচেয়ে বেশি ছক্কা, সর্বোচ্চ আক্রমণাত্মক ব্যাটিং হার, সবচেয়ে মূল্যবান ক্রিকেটার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন বৈভব।