‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আইপিএলের ফাইনালে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কোহলির অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এই কারণে আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বোর্ডের একটি সূত্রের ভাষ্য, 'কোহলির ঊরুর পেছনের পেশিতে চোট লেগেছে। অস্ত্রোপচারের প্রয়োজন হবে না, তবে পুরোপুরি সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে। তাকে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন কার্যক্রমও সম্পন্ন করতে হবে।'
একই সূত্র আরও জানায়, 'তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করেছেন। তার শারীরিক পরীক্ষার প্রতিবেদনও খতিয়ে দেখা হয়েছে। এখন চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পুনর্বাসনের পথেই এগোবেন তিনি।'
অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে। চোট থেকে ফিরে তিনি ইতোমধ্যে মাঠে খেলেছেন। এখন আফগানিস্তান সিরিজের আগে তাকে শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বোর্ড সূত্রের দাবি, 'রোহিত ৮ জুন সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিতে পারেন। সেখানে কয়েক দিন অনুশীলন করবেন এবং বিশেষ প্রস্তুতি কার্যক্রমে অংশ নেবেন। এরপর ১১ জুন জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। প্রথম ম্যাচের আগে দু’দিন সময় থাকছে ওর হাতে।'