বাংলাদেশের ক্রিকেটে সুনামি থামাতে হবে: তামিম

বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবাল
তামিম ইকবাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা বইছে দেশের ক্রিকেট অঙ্গনে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ঢাকার ৭৬টি ক্লাবের কর্মকর্তা ও সংগঠকদের দিয়ে পরিচয় পর্বের আয়োজন করেছিলেন আসন্ন নির্বাচনের কাউন্সিলররা।

সেখানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, গত দুই বছর ধরে দেশের ক্রিকেটে যে সুনামি হচ্ছে তিনি আশাবাদী নির্বাচনের মাধ্যমে সেই সুনামির শেষ হবে। সবার কাছে এদিন ভোটও চেয়েছেন তিনি।

তামিম বলেন, 'গত দুই বছরে যে ধরনের সুনামি দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, এটি অবশ্যই থামতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি থামতেই হবে। এটি আমার জন্য না, কারও জন্য না, কারও একার জন্য না, তবে কোনোভাবে এটি থামতে হবে। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ ক্রিকেট নিয়ে অসীম গর্ব করে এবং অত্যন্ত আবেগপ্রবণ। এই ধরনের সুনামি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এর শেষ হতে হবে। আশা করি এই নির্বাচনের মাধ্যমেই আমরা সেটা করতে পারব।'

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন পেশার অনেকে। তামিম তাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা নির্বাচিত হলে মিরপুর স্টেডিয়ামের বাইরে সেই পরিচয় রেখে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করা পরামর্শ দিয়েছেন তিনি।

তামিম যোগ করেন, 'এখানে এই ষোল জন প্রার্থীর মধ্যে ক্রিকেটার আছেন, ব্যবসায়ী আছেন, ডাক্তার আছেন, রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তিও আছেন। আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য। যে যখনই এবং যেই নির্বাচিত হই না কেন, যখনই মিরপুর স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকবেন, আপনাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে তারপর ভেতরে আসবেন।'

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও যোগ করেন, 'যে মুহূর্তে আপনারা সেই আসনে বসবেন, তখন আপনারা শুধু বাংলাদেশ ক্রিকেটের সেবা করবেন। সেখানে ব্যক্তিগত পরিচয় আর গুরুত্বপূর্ণ থাকবে না। গুরুত্বপূর্ণ হবে শুধুমাত্র উদ্দেশ্য।'

আরো পড়ুন: