শুরুর ধাক্কা সামলে ব্লান্ডেল-রাচিনের সেঞ্চুরি

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
দুর্দান্ত ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি
দুর্দান্ত ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মার্ক অ্যাডায়ারের দুর্দান্ত ডেলিভারিতে ইনিংসের প্রথম ওভারেই ফেরেন টম লাথাম। ইনিংস বড় করতে পারেননি ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। তবে রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের সেঞ্চুরিতে সেই ধাক্কা সামলে বড় রানের পথে ছুটছে কিউইরা। তাদের দুজনের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩৬১ রান।

বেলফাস্টে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। অ্যাডায়ারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লাথাম। বাঁহাতি ওপেনার রানের খাতাই খুলতে পারেনি। আরেক ওপেনার কনওয়েও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। তাকেও ফিরিয়েছেন অ্যাডায়ার। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে মিড উইকেটে লিয়াম ম্যাকার্থির হাতে ক্যাচ দেন কনওয়ে।

১৩ বলে ৪ রানের বেশি করতে পারেননি বাঁহাতি ওপেনার। রাচিন ও উইলিয়ামসন মিলে ‍শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের দুজনের ৬৪ রানের জুটি ভাঙেন ম্যাকার্থি। ডানহাতি পেসারের ফুল ডেলিভারিতে আড়াআড়ি খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন উইলিয়ামসন। টেস্টে এটিই ম্যাকার্থির প্রথম উইকেট। একটু মিচেলকে ফেরান অ্যাডায়ার।

ডানহাতি পেসারের ষষ্ঠ স্টাম্পের ফুলার ডেলিভারিতে খেলার চেষ্টাই করেননি মিচেল। তবে একটু দেরিতে ব্যাট সরিয়ে নেওয়ায় কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় তাকে। ৮৬ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন রাচিন ও ব্লান্ডেল। দ্বিতীয় সেশনের পুরোটা সময় দাপট দেখিয়েছেন তারা দুজন। ৮৭ বলে হাফ সেঞ্চুরি করেন রাচিন। ব্লান্ডেল পঞ্চাশ ছুঁয়েছেন ৮১ বলে। দারুণ ব্যাটিংয়ে ১৭৫ বলে সেঞ্চুরি করেন রাচিন।

সেঞ্চুরি পেয়েছেন ব্লান্ডেলও। একশ করতে তিনি খেলেছেন ১৭৩ বল। তাদের দুজনের ২১৭ রানের জুটি ভাঙে রাচিনের বিদায়ে। হ্যারি টেক্টরের বলে থমাস মায়েসের হাতে ক্যাচ দিয়েছেন ১৯৪ বলে ১২১ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার। তবে ২৩৩ বলে ১৪২ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল। তাকে সঙ্গ দেওয়া ডিন ফক্সক্রফট অপরাজিত ৩৮ রানে। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অ্যাডায়ার।

আরো পড়ুন: