কলকাতার হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরলেন রাচিন

আইপিএল
কলকাতার অনুশীলনে রাচিন রবীন্দ্র
কলকাতার অনুশীলনে রাচিন রবীন্দ্র
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন পরেই ইংল্যান্ড সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। দেশে ফিরে তিনি লাল বলের প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ৪ জুন, লর্ডসে। শুক্রবার রাচিনের আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৬ নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নেয় কলকাতা। তবে পুরো মৌসুমে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

ফ্র্যাঞ্চাইজিটিতে আটজন বিদেশি ক্রিকেটার থাকায় এবং ভারতীয় ব্যাটারদের পাশাপাশি মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন থাকায় একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য। নিউজিল্যান্ডের টেস্ট দলে নিয়মিত মিডল অর্ডার ব্যাটার রাচিনের জন্য এটি হবে ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজের সফর।

সাম্প্রতিক সময়ে দুই টেস্ট সিরিজেই দারুণ ছন্দে ছিলেন তিনি। ২০২৫ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৬৫ রান করেন। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চে খেলেন ১৭৬ রানের ইনিংস। একই সিরিজে মাউন্ট মঙ্গানুইতে করেন অপরাজিত ৭২ ও ৪৬ রান।

ইংল্যান্ডেও তার ব্যাটে তাকিয়ে থাকবে কিউইরা। সিরিজের টেস্টগুলো হবে লর্ডসে ৪ থেকে ৮ জুন, দ্য ওভালে ১৭ থেকে ২১ জুন এবং নটিংহ্যামে ২৫ থেকে ২৯ জুন। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে ২৭ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের একটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

২০২৫ থেকে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে দুই জয় ও এক ড্র নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০২২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

আরো পড়ুন: