ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে অসুস্থ নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি নিশ্চিত করেছেন ফিন অ্যালেনকেও এই ম্যাচে বিশ্রামে রাখা হচ্ছে। মূলত কাঁধের চোট পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে দলে কিছুটা অসুস্থতার সমস্যা চলছে। ডেভন ও রাচিন ভাইরাল সংক্রমণে ভুগছে। সফরের সময় এসব বিষয় প্রায়ই হয়ে থাকে। রাচিন আমার পাশের ঘরেই আছে। সারা রাত তার অবস্থা ভালো শোনায়নি। মনে হচ্ছে সে বেশ কষ্টেই আছে।'

আগামী রোববার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে নিউজিল্যান্ড। এর আগে কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সাম্প্রতিক ৪-১ ব্যবধানে হারা টি-টোয়েন্টি প্রস্তুতি সিরিজে খেলতে পারেননি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

ওয়াল্টারের আশা, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্রেসওয়েল ও ফিন অ্যালেন দুজনই ফিট থাকবেন। তিনি যোগ করেন, 'এই মুহূর্তে সবাই মোটামুটি সঠিক পথেই আছে। প্রথম ম্যাচের আগে সবাইকে ফিট ও সুস্থ অবস্থায় পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এটাই সবচেয়ে ভালো খবর।'

বিশ্বকাপে খেলতে নামার আগে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। তবে ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের। জিমি নিশাম অসুস্থ হয়ে পড়েছিলেন। চোট কাটিয়ে ফিরছেন পেসার লকি ফার্গুসন। বিশেষ করে ফার্গুসনের বোলিংকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

ওয়াল্টার বলেন, 'বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে সে অবিশ্বাস্য রকম কঠোর পরিশ্রম করেছে। ও বলেছিল ধীরে ধীরে ছন্দে ফিরবে, কিন্তু দেখলাম ১৪৫ কিলোমিটার গতিতে বল করছে। যদি এটাকেই সে ‘ইজিং ইন’ বলে, তাহলে সামনে কী আসে। তা দেখার অপেক্ষায় আছি।'

আরো পড়ুন: