বুধবার এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমে রেকর্ডটি ভাঙেন সূর্যবংশী। ম্যাচের আগে ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ছাড়াতে তার প্রয়োজন ছিল সাতটি ছক্কা। ইনিংসের মাত্র ১৫ বলের মধ্যেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তিনি।
সাকিব হুসাইনের স্লোয়ার ডেলিভারিকে লং-অফের ওপর দিয়ে ৯০ মিটারের বিশাল ছক্কায় পরিণত করে গেইলকে স্পর্শ করেন সূর্যবংশী। এরপর পরের বলেই আরও একটি ছক্কা হাঁকিয়ে এককভাবে রেকর্ডের মালিক হন তিনি।
২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল। এতদিন সেটিই ছিল আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তালিকার তিন নম্বরে আছেন আন্দ্রে রাসেল, ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে তার ছক্কা ছিল ৫২টি। আর ২০১৩ মৌসুমে বেঙ্গালুরুর জার্সিতে ৫১টি ছক্কা মেরে চতুর্থ স্থানেও আছেন গেইল।
এক মৌসুমে ৫০-এর বেশি ছক্কা মারার কীর্তি আর কারও নেই। ভারতীয়দের মধ্যে এর আগে সর্বোচ্চ ছিল আভিষেক শর্মার ৪২ ছক্কা, যা তিনি করেছিলেন ২০২৪ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
হায়দরাবাদের বিপক্ষে সূর্যবংশী খেলেন ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসটিতে ছিল ১২টি ছক্কা। এবারের আইপিএলে তার মোট ছক্কার সংখ্যা এখন ৬৫।