আগামী আইপিএলে ফিরবেন ধোনি, আশাবাদী চেন্নাই

আইপিএল
চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি
চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।

মে মাসে চেন্নাইয়ের শেষ ঘরের মাঠের ম্যাচ ঘিরে ধোনিকে নিয়ে বিদায়ের জল্পনা তৈরি হয়েছিল। কারণ এর আগে তিনি বলেছিলেন, আইপিএলের শেষ ম্যাচ চেন্নাইয়েই খেলতে চান। তবে চেন্নাই এখনো আশাবাদী, আগামী মৌসুমে ফিরবেন তিনি।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ বলেন, 'আমার ধারণা, সে আগামী মৌসুমে ফিরবে। এ নিয়ে আমাদের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি, কিন্তু আমরা আশা করি সে ফিরবে। একই সঙ্গে আমরা চাই, চেন্নাই সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি সে রাখুক—তার শেষ আইপিএল ম্যাচ যেন চেন্নাইয়েই হয়।'

মৌসুমের শুরুতে কাফ ও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগেছেন ধোনি। পরে বৃদ্ধাঙ্গুলির চোটও তাকে ছিটকে দেয়। জুলাইয়ে ৪৫ বছরে পা দিতে যাওয়া এই উইকেটকিপারের ভবিষ্যৎ নিয়ে তাই প্রশ্ন উঠছে।

এদিকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও রাহুল দ্রাবিড়কে কোচ করার গুঞ্জন উড়িয়ে দিয়েছে চেন্নাই।

বিশ্বনাথন বলেন, 'ক্রিকেট-সংক্রান্ত কোনো বিষয়েই এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। সময়মতো পর্যালোচনা করা হবে। দ্রাবিড়ের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি।'

ফ্লেমিং ২০০৯ সাল থেকে চেন্নাইয়ের কোচ। তার অধীনে পাঁচটি শিরোপা জিতেছে দলটি। তবে টানা তিন মৌসুম ধরে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। এর জেরেই ফ্লেমিংয়ের চেন্নাই ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছে।

আরো পড়ুন: