অবসরে ভারতের ‘থ্রি ডি’ ক্রিকেটার বিজয় শঙ্কর

ভারতীয় ক্রিকেট
বিজয় শঙ্কর
বিজয় শঙ্কর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্কর। তিনি আর ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। এর ফলে বাইরের বিদেশি লিগে খেলতে কোনো বাধা থাকলো না এই অলরাউন্ডারের।

২০১৮ ও ২০১৯ সালের মধ্যে ভারতের হয়ে ২১টি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন বিজয় শঙ্কর। ১২ ওয়ানডেতে তিনি করেন ২২৩ রান, গড় ৩১.৮৫ ও স্ট্রাইক রেট ৯০.৬৫। আর ৯ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ১০১, গড় ২৫.২৫ ও স্ট্রাইক রেট ১৩৮.৩৫। ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ সময় তিনি তামিল নাড়ুর হয়ে খেলেছেন।

তার নেতৃত্বে দলটি জিতেছে বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফির শিরোপা। ২০২৫-২৬ মৌসুমের আগে তিনি যোগ দেন ত্রিপুরা ক্রিকেট দলে। ঘরোয়া ক্যারিয়ারের শেষটাও রাঙিয়েছেন দারুণভাবে; ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে গুজরাটের বিপক্ষে অপরাজিত ১৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

প্রথম-শ্রেণির ক্রিকেটে বিজয় শঙ্করের মোট রান ৪ হাজার ২৫৩, গড় ৪৬.৭৩। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রান ২ হাজার ৭৯০, গড় ৩৪.৮৭। আর টি-টোয়েন্টিতে করেন ২ হাজার ৫৮৩ রান, গড় ২৬.০৯ ও স্ট্রাইক রেট ১২৮.৩৭। সব মিলিয়ে তিন ফরম্যাটে ৩৪৮ ম্যাচে নিয়েছেন ১৫৪ উইকেট।

আইপিএলে ২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। প্রতিনিধিত্ব করেছেন চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের হয়ে। তবে গত ডিসেম্বরে আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন তিনি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছরেরও আগে।

এর ফলে সর্বশেষ আইপিএল নিলামে ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে নিজের নাম নিবন্ধন করেছিলেন বিজয় শঙ্কর। আন্তর্জাতিক ক্রিকেটে বিজয় সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৯ বিশ্বকাপের আগে ভারতের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে বিতর্কে।

সে সময় প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, বিশেষজ্ঞ ব্যাটার অম্বাতি রাইডুর বদলে বিজয় শঙ্করকে বেছে নেয়া হয়েছে কারণ তিনি দলে ত্রিমাত্রিক ভূমিকা রাখতে পারেন। এর জবাবে রাইডু ব্যঙ্গ করে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, 'বিশ্বকাপ দেখার জন্য নতুন থ্রি ডি চশমা অর্ডার করলাম।'

শেষ পর্যন্ত বিশ্বকাপটা খুব বেশি দীর্ঘ হয়নি বিজয় শঙ্করের জন্য। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট নেয়াসহ দুটি উইকেট শিকার করেছিলেন তিনি। তবে নেটে জাসপ্রিত বুমরাহর ইয়র্কারে পায়ের আঙুল ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।অবসরের ঘোষণায় ইনস্টাগ্রামে সেই পুরোনো বিতর্কের প্রসঙ্গও টেনেছেন বিজয় শঙ্কর। পোস্টের শেষে নিজেকে লিখেছেন— 'আপনাদের ত্রিমাত্রিক ক্রিকেটার।'

আরো পড়ুন: