চার টেস্টে সাত সেঞ্চুরি, শর্ত পূরণ হওয়ায় খুশি আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট
মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৫ সালে মোটাদাগে বেশ বাজে সময় পার করছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ২০২৫ এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ, ব্যাটারদের অধারাবাহিক ব্যাটিং বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই কঠিন সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ছয় মাসের বেশি সময় বাংলাদেশ দলের সাথে কাজ করে আশরাফুল জানালেন, খেলোয়াড়দের আস্থা অর্জন করতে পেরেছেন তিনি। তার বেঁধে দেয়া লক্ষ্য পূরণে খেলোয়াড়রা সফল হওয়ায় দারুণ খুশি এই কোচ।

২০২৫ এর নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে খন্ডকালীন দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা আশরাফুল। সেই সিরিজে আশরাফুলের কাজে সন্তুষ্ট হয়ে মার্চ মাস থেকে তাকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয় বিসিবি। সেই আস্থার প্রতিদানও দিচ্ছেন আশরাফুল। এ বছর খেলা সবগুলো সিরিজে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। ব্যাটিংয়েও পরিকল্পনার ছাপ ফুটে উঠছে ধীরে ধীরে। আশরাফুলের জানান, দায়িত্ব নেবার পরপরই ব্যাটারদের সামনে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরির লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি।

‎সাংবাদিকদের সাথে আলাপকালে আশরাফুল বলেন, 'আমি যখন ঢুকেছি তখনই আমাদের একটাই কথা ছিল যে শীর্ষ চারের একটা ব্যাটসম্যান যেন প্রতি টেস্ট ম্যাচে একটা ১০০ করি আমরা। যেহেতু আমি ঢোকার পরে আমাদের ১৮ টা টেস্ট ম্যাচ, পরবর্তী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত, তো আমাদের লক্ষ্য ছিল যে প্রতি টেস্ট ম্যাচে যেন আমরা একটা ১০০ করতে পারি।'

‎‎এ প্রসঙ্গে আশরাফুল যোগ করেন, 'আলহামদুলিল্লাহ গত চার টেস্ট ম্যাচে আমাদের সাতটা সেঞ্চুরি হয়েছে, প্রায় ১২ থেকে ১৪ টা অর্ধশতক হয়েছে এবং অর্ধশতক গুলাও বড় বড়। আপনি যদি দেখেন যে মমিনুল ৯১, ৮২, সাদমান ৮০ করেছেন। তো মমিনুল টানা পাঁচ ইনিংসে পাঁচটা অর্ধশতক করেছেন। তো এই জিনিসগুলা সাহায্য করছে আমাদের ভালো খেলার পিছনে।'

নিজের অধীনে ব্যাটাররা সাফল্য পেতে শুরু করলেও এর কৃতিত্ব পুরোটাই ব্যাটারদের দিতে চান আশরাফুল। নিজের অভিজ্ঞতাগুলা গুলো দলের সাথে ভাগ করে নেওয়া আর শিষ্যরা সেগুলো সাদরে গ্রহণ করাতেই ধীরে ধীরে দল হিসেবে উন্নতি করছে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আশরাফুলের।

আশরাফুল বলেন, 'আমি মনে করি যে ব্যাটসম্যানরা যখনই সেট হচ্ছেন তারা বড় রান করার চেষ্টা করছেন। এটা কিন্তু তারাই করছেন তাদের অভিজ্ঞতা থেকে। তারাই প্রত্যেকটা দলেরই তিনটা সংস্করণের অধিনায়কই চাচ্ছে তাদের দলগুলো যেন ভালো করেন এবং খেলোয়াড়রাও সেইভাবেই কাজ করছেন।'

আশরাফুল আরও যোগ করেন, 'খেলোয়াড়রাও আসলে আমাকে প্রচুর সাহায্য করছেন। যেই কাজটাই লাগছে তারা নিজে থেকে আসছেন এবং আমি আমার চেষ্টা করছি আমার অভিজ্ঞতাগুলো তাদের সাথে ভাগাভাগি করার জন্য। সেইভাবেই আসলে কাজটা হচ্ছে।'

‎আশরাফুল দায়িত্বে আসার আগে বাংলাদেশের ব্যাটিং বিভাগ সামলাতেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সালাহউদ্দিন এতদিন দলের সাথে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই জাতীয় দলের সাথে যাত্রার ইতি টেনেছেন তিনি। বাংলাদেশের ব্যাটিং কোচ জানান, সালাহউদ্দিন না থাকায় ড্রেসিংরুমে তাকে মিস করবেন তিনি।

‎এ প্রসঙ্গে আশরাফুল বলেন, 'সালাউদ্দিন ভাই ছিলেন অনেক অভিজ্ঞ একজন কোচ, আমার অভিজ্ঞতাগুলো আমি উনার সাথে ভাগাভাগি করতাম। তারপরে হয়তোবা আমি খেলোয়াড়ের সাথে ভাগাভাগি করতাম। সেই কাজটা এখনও তাই করছি। সালাউদ্দিন ভাইকে মিস করব নিশ্চিতভাবেই সামনে যখন উনি আমাদের সাথে যেহেতু থাকছেন না।'

আরো পড়ুন: