মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই। চেন্নাইকে পাঁচ শিরোপার সবকটিই জিতিয়েছেন ধোনি। ধোনি এখনও চেন্নাই দলে থাকলেও দলটিকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে দল এখনও ধোনির অধিনায়কত্বের ফর্মুলায় খেলতে চাচ্ছে বলে মনে করেন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ধোনির সময় যে ফর্মুলায় দীর্ঘদিন সাফল্য পেয়েছিল চেন্নাই, এখন আর সেটার ওপর নির্ভর করে চলা সম্ভব নয়। তার মতে, দলকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং সেখানে মানসম্পন্ন ক্রিকেটার, অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে বিশেষ নজর দিতে হবে।
অশ্বিন বলেন, 'আমি খোলাখুলিভাবে বলব, চেন্নাই সুপার কিংসকে মানসম্পন্ন ক্রিকেটারে বিনিয়োগ করতে হবে। সত্যিকারের ভালো একটি দল গড়তে হবে। অভিজ্ঞতা দরকার, বোলিংয়ে অভিজ্ঞতা দরকার। পেস বোলারদের মধ্যে বৈচিত্র্য থাকতে হবে, স্পিনারদের মধ্যেও বৈচিত্র্য থাকতে হবে। সব মিলিয়ে সঠিকভাবে দল তৈরি করতে হবে।'
তরুণ ক্রিকেটারদের নিয়ে উত্তেজনা থাকলেও আইপিএলের মতো কঠিন টুর্নামেন্টে অভিজ্ঞতার বিকল্প নেই বলেও মনে করেন এই অভিজ্ঞ অফস্পিনার।
তার ভাষায়, 'তরুণ প্রতিভা, তারুণ্যের উচ্ছ্বাস, যেমন রবি শাস্ত্রী ভাই বলেন-এসব অবশ্যই রোমাঞ্চকর। কিন্তু এর সঙ্গে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা ভয়ংকর শক্তিশালী সমন্বয় হয়ে যায়।'
চেন্নাই সমর্থকদেরও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অশ্বিন। তার মতে, দলটির ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তিনি বলেন, 'এটা আর ধোনির সেই চেন্নাই সুপার কিংস নয়। সময় বদলে গেছে। সফলতা আসবে ঠিকই, তবে সেটা ধীরে ধীরে আসবে।'
চেন্নাইয়ের বর্তমান স্কোয়াড আদৌ ঘরের মাঠ চিপকের কন্ডিশনের সঙ্গে মানানসই কি না, সেটিও প্রশ্ন তুলেছেন অশ্বিন। কেননা, এই মাঠেই বছরের পর বছর নিজেদের সাফল্যের ভিত গড়ে তুলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
অশ্বিন বলেন, 'সত্যি বলতে, শিবম দুবের ব্যাটিং চেন্নাইয়ের জন্য খুব ইতিবাচক ছিল। কিন্তু আমার একটা পর্যবেক্ষণ আছে। আমি মনে করি, চিপকে নিজেদের হোম ম্যাচের জন্য যে দল গড়া হয়েছে, সেটা তাদের কন্ডিশনের সঙ্গে ঠিক মানাচ্ছে না।'
অশ্বিন আরও যোগ করেন, আমি যখন সুব্রামানিয়াম বদ্রীনাথ, সুরেশ রায়না ,আম্বাতি রাইডু, শেন ওয়াটসন কিংবা মাইক হাসিদের কথা ভাবি, তখন মনে হয় চিপকের কন্ডিশনে ব্যাট করতে হলে একটু ধৈর্য ধরে খেলতে হয়। এখানে ইচ্ছেমতো লাইনের ওপর দিয়ে শট খেলার মতো উইকেট পাওয়া যায় না।'