বাম পায়ে সূক্ষ্ম চিড় নিয়েই খেলছেন বরুণ, এমনটাই জানা গেছে বিভিন্ন প্রতিবেদনে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও মাঠে তার শারীরিক অস্বস্তি স্পষ্ট ছিল। তবু দলের প্রয়োজনে নিয়মিত বল করে গেছেন তিনি।
কলকাতার সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছেন, ব্যথা নিয়েও দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন বরুণ। তার মতে, এই মানসিকতাই আলাদা করে চিনিয়ে দেয় ভারতীয় স্পিনারকে।
তিনি বলেন, 'এই মুহূর্তে পুনর্বাসনের প্রক্রিয়ায় সে ঠিক কোন অবস্থায় আছে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে এটুকু জানি, সে ব্যথা নিয়েই খেলছে। এটিই দেখায় সে কতটা সাহসী, দলের জন্য অবদান রাখতে কতটা মরিয়া। আর চোটের মধ্যেও সে দারুণ বল করে যাচ্ছে।'
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে বরুণকে আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায়। মাঠের মূল অংশ থেকে দূরে, সবার চোখের আড়ালে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে শারীরিক সমস্যার মধ্যেও বল হাতে নিজের ধার হারাননি বরুণ। চাপে পড়া মুহূর্তে এখনও তিনি কলকাতার অন্যতম সেরা বোলার।
চলতি আসরে কলকাতা শিবিরে চোট নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও প্রশ্ন উঠেছিল। মৌসুমের শুরুর দিকে তিনি বল না করায় বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। পরে অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তৃপক্ষ জানায়, পিঠের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় শুরুতে তাকে বল না করানোর বিষয়টি আগেই জানানো হয়েছিল।
মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতার। টানা ব্যর্থতায় পিছিয়ে পড়েছিল তারা। তবে শেষ ছয় ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে আবারও শেষ চারের লড়াইয়ে ফিরেছে দলটি। এখন পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সমানতালে চলছে তাদের প্রতিযোগিতা।