আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন ক্লাসেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের সঙ্গে মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি ও আইপিএলে খেলছেন তিনি। চলতি আইপিএলেও হায়দরাবাদের হয়ে খেলছেন ডানহাতি এই ব্যাটার। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দারুণ ছন্দে আছেন।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে ৫৯.১৪ গড় ও ১৫৭.৪১ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছেন ক্লাসেন। ডানহাতি ব্যাটারের চেয়ে বেশি রান করেছেন কেবল হায়দরাবাদের অভিষেক শর্মা। ৩২ চারের সঙ্গে ১৮টি ছক্কাও মেরেছেন সাউথ আফ্রিকার এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ক্লাসেনকে আবারও জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন পিটারসেন। ইংলিশ সাবেক ব্যাটারের বিশ্বাস, ২০২৭ বিশ্বকাপের অভিযানে কেন্দ্রীয় চরিত্র হতে পারেন ক্লাসেন।
এ প্রসঙ্গে ‘এক্স’ একাউন্টে পিটারসেন লিখেছেন, ‘সাউথ আফ্রিকা কখনোই ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। আজ সকালে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হেনরিখ ক্লাসেনকে ফোন করে জিজ্ঞেস করা উচিত হবে সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবেন কিনা এবং আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য তাদের প্রথম বিশ্বকাপ অভিযানে একজন কেন্দ্রীয় চরিত্র হতে পারবেন কিনা।’
সাউথ আফ্রিকার হয়ে তিন সংস্করণে সব মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন। যেখানে ৩২.৪৫ গড়ে ৩ হাজার ২৪৫ রান করেছেন ক্লাসেন। ১৬ হাফ সেঞ্চুরির সঙ্গে চারটি সেঞ্চুরিও করেছেন তিনি। জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগের দুইটি আইসিসি টুর্নামেন্টেই ছন্দে ছিলেন আফ্রিকান এই ব্যাটার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা। ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ৪১.৪৪ গড় ও ১৩৩.২১ স্ট্রাইক রেটে৩৭৩ রান করেছিলেন। ২০২৪ বিশ্বকাপের ফাইনালে তুলতেও বড় অবদান রেখেছিলেন। ফাইনালে হাফ সেঞ্চুরি করলেও সাউথ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। অবসরে নেওয়ায় চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি।