ড্রেসিংরুমে ভেপ সেবন করে শাস্তি পেলেন পরাগ

আইপিএল
ড্রেসিংরুমে ভেপ সেবনের ঘটনায় অল্পতেই পার পেয়ে যেতে পারেন রিয়ান পরাগ, ফাইল ফটো
ড্রেসিংরুমে ভেপ সেবনের ঘটনায় অল্পতেই পার পেয়ে যেতে পারেন রিয়ান পরাগ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে ইলেকট্রিক ধূমপানযন্ত্র (ভেপ) ব্যবহার করতে দেখা যাওয়ার ঘটনায় রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে জরিমানা ও শাস্তি দেয়া হয়েছে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেয়া হয়েছে পরাগের। একই সঙ্গে তিনি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। তাকে আইপিএলের খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাদের আচরণবিধির প্রথম স্তর ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়ান পরাগ আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন, যা খেলার সুনাম ক্ষুণ্ন করার মতো আচরণের সঙ্গে সম্পর্কিত।'

এই ধারা অনুযায়ী ড্রেসিংরুমের ভেতরে এমন আচরণকে নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য করা হয়। এ ঘটনায় রিয়ান পরাগ নিজেই দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে বোর্ড। একই সঙ্গে তিনি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে বিষয়টি আপাতত আপিল ছাড়াই শেষ হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে নিয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য দল, কর্মকর্তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও চিন্তা করছে বোর্ড।

এই ঘটনার আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, কারণ দেশে ইলেকট্রিক ধূমপানযন্ত্র ব্যবহার আইনত নিষিদ্ধ। তাই বিষয়টি আরও বেশি বিতর্ক তৈরি করে।

চলতি মৌসুমে এই প্রথম নয়, মাঠের বাইরের ঘটনায় এর আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান শিবির। সম্প্রচারে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল দলের এক কর্মকর্তাকে, যার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

আরো পড়ুন: