যদিও সতীর্থদের সঙ্গে খেলা মিস করেন তিনি। ক্লাসেন এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আইপিএলে। তিনি খেলছেন পুরনো দল সানরাইজার্স হায়দরবাদের হয়ে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে প্রথম জয় এনে দেন তিনি।
সম্প্রতি এক ভিডিওতে ক্লাসেন তার হায়দরাবাদের সতীর্থ নীতীশ কুমার রেড্ডির সঙ্গে নিজের অবসর ভেঙে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, কিছু সময়ের জন্য ফেরার কথা ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এর পেছনে পরিবারের প্রতি কর্তব্যই ছিল প্রধান কারণ।
ক্লাসেন বলেন, 'এটি প্রায় দুই সপ্তাহের জন্য আমার মাথায় ছিল। তারপর আমরা সিদ্ধান্ত নিই, আর না। অবশ্যই আমার পরিবার এখানে বড় ভূমিকা রেখেছে। বিশ্বকাপে যখন আমার বন্ধুরা অসাধারণ খেলছিল, তখন তাদের মিস করেছি। কিছুটা ফোমোও কাজ করছিল।'
ক্লাসেন আরও যোগ করেন, 'মনে হচ্ছিল ফিরে যাই। আমি এইডেন মার্করামের সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছিল, যদি সে দলে থাকে, তাহলে আমিও অবশ্যই ফিরব। কিন্তু বিশ্বকাপের পর বুঝতে পারি, সেটা আর হচ্ছে না। তাই আমি আর ফিরছি না।'
৩৪ বছর বয়সী ক্লাসেন সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছিলেন। সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল প্রোটিয়ারা। সেই হারই বড় ধাক্কা হয়ে আসে ক্লাসেনের জন্য। ক্লাসেন এখন জাতীয় দলের ভার ছেড়ে পুরোপুরি মুক্ত। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই।