টানা হারের দায় হার্দিক-সূর্যকুমারদের দিচ্ছেন পোলার্ড

আইপিএল
কাইরন পোলার্ড ও রোহিত শর্মা, ফাইল ফটো
কাইরন পোলার্ড ও রোহিত শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের সময়টা ভালো যাচ্ছে না। আটটি ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে তারা, হেরেছে ছয়টিতে। দশ দলের মধ্যে বর্তমানে তাদের অবস্থান নবম। অতীতে ওঠানামা থাকলেও এবার শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছে না দলটি।

গত রাতের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ২৪৩ রান করেও হারতে হয়েছে মুম্বাইকে। প্রতিপক্ষ লক্ষ্য ছুঁয়ে ফেলে হাতে রেখে দেয় আট বল। বড় রান করেও ম্যাচ না জিততে পারা দলটির জন্য বাড়তি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দায় দলকেই দিচ্ছেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড।

ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যেমনটা চেয়েছিলাম তেমন ধারাবাহিক হতে পারিনি, আর ফলাফলও সেটাই দেখাচ্ছে। বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'অনেক কিছু বিশ্লেষণ করা যায়, কিন্তু সামগ্রিকভাবে আমরা ভালো খেলতে পারিনি। দল হিসেবে সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে পারছি না, এটিই বড় সমস্যা।'

হারের ধারাবাহিকতা নিয়েও খোলাখুলি কথা বলেছেন পোলার্ড। তার ভাষায়, 'দুটি দল খেলে, কেউ জেতে, কেউ হারে। আমরা বেশিরভাগ সময় হেরে যাচ্ছি, এটা আমরা মেনে নিয়েছি। তবে আমরা হাল ছাড়িনি, এখনো টুর্নামেন্টে আমাদের সুযোগ আছে।'

মুম্বাইয়ের টানা হারে জসপ্রীত বুমরাহর পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। আট ম্যাচে মাত্র দুই উইকেট পেয়েছেন এই পেসার। যদিও বুমরাহ আরো ভালোভাবে ফিরে আসবে বলেই বিশ্বাস পোলার্ডের।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন, 'আমরা সবসময় সবার নজরে থাকি। খারাপ করলে সেটাই বেশি চোখে পড়ে। কিন্তু আমি জানি, সে আরও ভালোভাবে ফিরে আসবে এবং উইকেট নেবে।'

'সে এমন একজন খেলোয়াড়, যার ওপর ভরসা করা যায়। খুব শিগগিরই সবাই আবার তার নামই উচ্চারণ করবে। তাই তাকে একটু সময় দেওয়া দরকার।'

আরো পড়ুন: