ক্যারিয়ারের প্রথম ২৬টি টি-টোয়েন্টি ম্যাচেই ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যে একটি গুঞ্জন ছড়ায়, তার ব্যাটে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো চিপ রয়েছে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সূর্যবংশী। এক ভিডিওতে প্রশ্ন করা হলে রসিকতা করে তিনি বলেন, 'ভগবান লাগিয়ে দিয়েছেন। ওপর থেকেই তিনি বলে দিয়েছেন যে তোমার ব্যাটে আমি কিছু একটা সেট করে দিচ্ছি। আমি শুধু সেটারই ব্যবহার করছি।'
গুঞ্জনের সূত্র মূলত তার ধারাবাহিক পারফরম্যান্স। তিনি কীভাবে এত সহজে রান করছে, তার ব্যাটে কিছু আছে কি না- মজা করে সম্প্রতি এমন প্রশ্ন তুলেছে পাকিস্তানের ক্রীড়া অনুষ্ঠানের এক উপস্থাপক।
গত সপ্তাহে হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। পাকিস্তানের সেই উপস্থাপক রসিকতা করে বলেন, 'তার ব্যাট পরীক্ষা করা উচিত, প্রয়োজনে গবেষণাগারে পাঠানো দরকার।'
সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে পরিসংখ্যানেও এগিয়ে আছেন সূর্যবংশী। ২০ বছরে পা রাখার আগেই স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ছক্কার সংখ্যা ৯৯, যা এই বয়সে সর্বোচ্চ।
তালিকায় তার পরেই আছেন রহমানউল্লাহ গুরবাজ ও ডেওয়াল্ড ব্রেভিস। এ ছাড়া, সবচেয়ে কম বল খেলে এবং কম বয়সে এক হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন তিনি।